অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘আমাদের প্রাকৃতিক সম্পদ খুব বেশি নেই। কিছু প্রাকৃতিক গ্যাস ছিল, সেটাও ফুরিয়ে আসছে। দুর্নীতি ও অপচয়ের কারণে সীমিত সম্পদও সুষ্ঠু ব্যবহার করা যায় না। প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ হয় না, ব্যয় বেড়ে যায়। এসব থামাতে হবে।’
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম–ঢাকা জ্বালানি তেল সরবরাহের পাইপলাইন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। চট্টগ্রামের পতেঙ্গায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, ‘বড় সমস্যা হলো আমাদের প্রকল্পের ব্যয় অনেক বেশি। সড়ক নির্মাণ ব্যয় অন্য দেশগুলোর তুলনায় বেশি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায়ও অনেক বেশি। তাই ব্যয় কমাতে হবে।’
পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় তেল সরবরাহের প্রকল্পটি ২০১৬ সালে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) উদ্যোগে শুরু হয়। তিন দফা মেয়াদ বাড়িয়ে গত মার্চে প্রকল্পের কাজ শেষ হয়। ব্যয় হয়েছে প্রায় ৩ হাজার ৬৯৯ কোটি টাকা। ২২ জুন পরীক্ষামূলকভাবে পাইপে ডিজেল সরবরাহ শুরু হয়। ৪ আগস্ট পর্যন্ত ৪ কোটি ৮২ লাখ লিটার ডিজেল সরবরাহ করা হয়েছে। উদ্বোধনের পর আনুষ্ঠানিকভাবে সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। উপদেষ্টা বলেন, ‘পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ শুরু হলে অপচয় কমবে এবং চুরিও ঠেকানো যাবে। এটি গুরুত্বপূর্ণ প্রকল্প। যদিও নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। এখন এটি সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে।’
প্রকল্প সংস্কৃতিকে সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের শুধু ব্যয় বেশি নয়, অনেক সময় প্রকল্প বিলম্বিত হয়। কিছু প্রকল্প ১৭-১৮ বছর ধরে চলেছে। এমন প্রকল্প আর আমরা টানতে পারব না।’ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘প্রকল্পগুলোয় নিজস্ব ভ্যালু যুক্ত করতে হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে দর–কষাকষি হয়েছে। সামনের দিনে ভ্যালু না বাড়ালে চ্যালেঞ্জ হবে। আমাদের অনেক প্রকৌশলী বেকার। বুয়েট পাস করা প্রকৌশলীও বেকার। অন্য দেশের ঠিকাদারের ওপর নির্ভরশীলতা কমাতে হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মু. হাসান–উজ–জামান। বর্তমানে দেশে জ্বালানি তেলের গড় চাহিদা বছরে ৬৫ লাখ টন। ২০২৪–২৫ অর্থবছরে সরবরাহ হয়েছে ৬৮ লাখ টন। এর মধ্যে ৬৩ শতাংশ ডিজেল। নতুন পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় বছরে সর্বোচ্চ ২৭ লাখ টন বা ৩১৭ কোটি লিটার ডিজেল সরবরাহ করা যাবে।
ঢাকা বিভাগের জ্বালানি চাহিদার ৪০ শতাংশ ঢাকায় ব্যবহৃত হয়। বর্তমানে চট্টগ্রাম থেকে নদীপথে নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা ডিপোতে তেল আনা হয়। সেখান থেকে সড়কপথে ঢাকায় পরিবহন করা হয়। প্রতি মাসে প্রায় ১৫০টি ছোট-বড় জাহাজ ব্যবহৃত হয়।
প্রকল্প নথিতে বলা হয়েছে, প্রতিবছর আয় হবে ৩২৬ কোটি টাকা। পরিচালনা, রক্ষণাবেক্ষণ, ফুয়েল, বিদ্যুৎ বিল ও জমির ভাড়া খরচ হবে ৯০ কোটি টাকা। ফলে বছরে সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা। ১৬ বছরের মধ্যে বিনিয়োগ উঠে আসবে। প্রকল্প পরিচালক মো. আমিনুল হক জানিয়েছেন, ‘নদী ও সড়কপথে ডিজেল পরিবহনে বছরে খরচ ৩২৬ কোটি টাকা। পাইপলাইনে পরিবহন শুরু হলে খরচ কমে ৯০ কোটি টাকায় আসবে। তাই বছরে সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা।’
পাইপলাইন দুটি অংশে বিভক্ত। একটি অংশ চট্টগ্রামের পতেঙ্গা থেকে ফেনী, কুমিল্লা, চাঁদপুর ও মুন্সিগঞ্জ হয়ে নারায়ণগঞ্জের গোদনাইল ডিপো পর্যন্ত। দ্বিতীয় অংশ গোদনাইল থেকে ফতুল্লা পর্যন্ত। প্রকল্পে বুস্টার পাম্প, ৯টি জেনারেটরসহ বিভিন্ন সরঞ্জামও অন্তর্ভুক্ত।

