ভারতে আমদানি বৃদ্ধি পাওয়ায় গত জুলাইয়ে দেশটির পণ্য বাণিজ্য ঘাটতি ব্যাপকভাবে বেড়েছে। তবে একই সময়ে দেশটিতে পাইকারি পণ্যের দাম কমেছে।
ভারতের সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়ে ২৭.৫৭ বিলিয়ন ডলার থেকে ৩৩.৫৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছ থেকে তেল কিনতে অব্যাহত রাখায় ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। এতে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি শুল্ক বেড়ে ৫০ শতাংশে পৌঁছেছে। এটি যুক্তরাষ্ট্রের অন্যান্য বাণিজ্যিক অংশীদারদের মধ্যে সর্বোচ্চ শুল্কের মধ্যে একটি।
পরিসংখ্যানে দেখা যায়, জুলাইয়ে ভারতের মোট বাণিজ্য ঘাটতি ২৭.৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অর্থনীতিবিদরা এর আগে ২০.৩৫ বিলিয়ন ডলার ধারণা করেছিলেন। জুনের ১৮.৭৮ বিলিয়ন ডলারের তুলনায় এটি অনেক বেশি। সরকারি তথ্য অনুযায়ী, জুলাইয়ে ভারতের রপ্তানি বেড়ে ৩৭.২৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, জুনের ৩৫.১৪ বিলিয়ন ডলারের চেয়ে কিছু বেশি। একই সময়ে আমদানি বেড়ে ৬৪.৫৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা জুনের ৫৩.৯২ বিলিয়ন ডলারের চেয়ে অনেক বেশি।
পাইকারি দামের দিক দিয়ে দেখা গেছে, জুলাইয়ে ভারতে পণ্যের পাইকারি মূল্য গত বছরের একই সময়ে তুলনায় ০.৫৮ শতাংশ কমেছে। জুনে এই হার ছিল ০.১৩ শতাংশ। দেশটিতে খাদ্যদ্রব্যের দাম কমায় এই হ্রাস হয়েছে বলে সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে।
রয়টার্সের জরিপে অংশ নেওয়া অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন, জুলাইয়ে ভারতে বার্ষিক পাইকারি মূল্য ০.৩ শতাংশ কমতে পারে। জুলাইয়ে খাদ্যের পাইকারি দাম ২.১৫ শতাংশ কমেছে, জুনে তা ছিল ০.২৬ শতাংশ। সবজির দাম গত বছরের তুলনায় ২৮.৯৬ শতাংশ কমেছে, জুনে যা ছিল ২২.৬৫ শতাংশ। উৎপাদিত পণ্যের দাম ২.০৫ শতাংশ বেড়েছে, জুনে যা ছিল ১.৯৭ শতাংশ। জ্বালানি ও বিদ্যুতের দাম গত বছরের একই সময়ে তুলনায় ২.৪৩ শতাংশ কমেছে, জুনে ছিল ২.৬৫ শতাংশ।

