গত বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের চাপের মুখে পড়ছে মার্কিন ব্যবসা। এর প্রভাব দেখা দিয়েছে জুলাইয়ে যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্যস্ফীতিতে , যা ২০২২ সালের পর সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।
সেবার খাতে মূল্যবৃদ্ধি পণ্যের তুলনায় বেশি হওয়ায় বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি বৃদ্ধি দেখা গেছে। তবে কিছু অর্থনীতিবিদ মন্তব্য করেছেন, বিভিন্ন অস্থির উপাদানের কারণে শিরোনামের এই বৃদ্ধি কিছুটা অতিমূল্যায়িত হতে পারে। শুল্কের আওতায় থাকা পণ্যের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
মজুরি ও শ্রম বিভাগের তথ্য অনুযায়ী, উৎপাদক মূল্যসূচক মাস ভিত্তিতে শূন্য দশমিক ৯ শতাংশ বেড়েছে, যা জুনের সমান। বিশ্লেষকরা শূন্য দশমিক ২ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন। PPI উৎপাদনকারীদের দামের পরিবর্তন পরিমাপ করে। কিছু অর্থনীতিবিদ মনে করেন এটি ভোক্তাদের জন্য ভবিষ্যতের মূল্য প্রবণতার একটি পূর্বাভাস হতে পারে।
ওয়াল স্ট্রিটে তিনটি প্রধান সূচক রিপোর্টের পর কিছুটা হ্রাস পেয়েছে, তবে দিনের শেষে প্রাথমিক ক্ষতি অনেকটা কমেছে। বছরের শুরুতে বেশিরভাগ বাণিজ্য অংশীদারের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের পাশাপাশি স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো খাতে আরও কঠোর শুল্ক কার্যকর হয়েছে। ফলে মার্কিন ব্যবসাগুলো শুল্কের সঙ্গে লড়াই করছে।
শ্রম পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, সাম্প্রতিক সংখ্যাগুলো অনুযায়ী PPI বছরের ভিত্তিতে ৩ দশমিক ৩ শতাংশ হয়েছে। পণ্যের খাতে দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়েছে, আর সেবা খাতে এক দশমিক ১ শতাংশ বৃদ্ধি, যা মার্চ ২০২২-এর পর সর্বোচ্চ। জুলাই মাসে মূল্যবৃদ্ধি ‘প্রায় সবখাতেই’ বিস্তৃত হলেও, এর তিন-চতুর্থাংশ সেবার সঙ্গে সম্পর্কিত। এর অধিকাংশই পাইকারি ও খুচরা বাণিজ্য সেবার কারণে, যা সরবরাহ চেইনের সমস্যার প্রভাব দেখায়। খাদ্যপণ্যও জুলাই মাসের বৃদ্ধির ৪০ শতাংশের জন্য দায়ী।
ন্যাশনওয়াইডের সিনিয়র অর্থনীতিবিদ বেন আয়ার্স বলেছেন, উৎপাদনকারীদের ইনপুট খরচ জুলাইয়ে বেড়েছে, কারণ শুল্কের প্রভাব ব্যবসার ওপর বাড়ছে। স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ফলে উৎপাদকদের খরচ বেড়েছে, যার প্রভাব সাম্প্রতিক মাসে মূল্যবৃদ্ধিতে পরিলক্ষিত হয়েছে। আয়ার্স আশা করছেন, শুল্কের খরচ আগামী মাসে ভোক্তাদের মূল্যেও স্থানান্তরিত হতে পারে।
অক্সফোর্ড ইকোনমিক্সের সিনিয়র মার্কিন অর্থনীতিবিদ ম্যাথিউ মার্টিন বলেছেন, শুল্কের আওতায় থাকা পণ্যের দাম দ্রুত বাড়ছে। এটি নির্দেশ করে, ব্যবসাগুলো শুল্কের খরচ বহন করার ক্ষমতা ও ইচ্ছা হারাচ্ছে।
এদিকে ভোক্তা মূল্যসূচক জুলাইয়ে ২ দশমিক ৭ শতাংশে স্থিতিশীল রয়েছে। এটি দেখাচ্ছে, ট্রাম্পের শুল্কের প্রভাব এখনও সীমিত। সরকারি চাকরি তথ্যও দেখাচ্ছে সাম্প্রতিক নিয়োগের সংখ্যা অনুমানের তুলনায় কম হওয়ায়, সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানোর সম্ভাবনা বেড়েছে।

