তৈরি পোশাক ও বস্ত্র খাতের বড় চ্যালেঞ্জ এখন বিদ্যুৎ ও গ্যাসের সংকট। পাশাপাশি অবকাঠামোর দুর্বলতা, শিল্পপদ্ধতির পিছিয়ে থাকা, নীতি সমন্বয়ের ঘাটতি, উৎপাদনশীলতার নিম্নগতি ও উচ্চ উৎপাদন খরচ এই খাতের সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে। বিশ্ববাজারে টিকে থাকতে হলে পণ্য বৈচিত্র্য, উৎপাদনশীলতা বৃদ্ধি ও নতুন বাজারে প্রবেশের প্রয়োজন আরও জরুরি হয়ে উঠেছে।
গত বৃহস্পতিবার রাজধানীর শেরাটন হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) আয়োজিত ‘তৈরি পোশাক খাতের অগ্রযাত্রার পথ’ শীর্ষক সংলাপে বক্তারা এসব কথা তুলে ধরেন। গ্যাস সংকটে দেশের শিল্পকারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উৎপাদন খরচ বাড়ছে এবং পণ্যের প্রত্যাশিত মান নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। শিল্পমালিকরা বলছেন, গ্যাসের মূল্য বাড়ানো হলেও তারা চাই নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ।
বস্ত্র খাতের ৬০ শতাংশ কারখানা বর্তমানে ঝুঁকিতে রয়েছে। সিরামিক-টাইলস শিল্পও গ্যাস সংকটে ভুগছে। যদিও অনেক প্রতিষ্ঠানে নিজস্ব গ্যাসচালিত জেনারেটর থাকলেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় টাইলস উৎপাদনও বাধাগ্রস্ত হচ্ছে। রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকের প্রতিষ্ঠানগুলোও কমবেশি সমস্যার মুখোমুখি। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, সরবরাহ সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় গ্যাস দেয়া সম্ভব হচ্ছে না।
পোশাক খাতে গ্যাসের ব্যবহার সবচেয়ে বেশি। কিছু প্রতিষ্ঠানে ডায়িংয়ে প্রতিদিন ৬০-৬৫ টন কাপড় রং করা হয়, কিন্তু সংকটে তা নেমেছে ৩০-৩৫ টনে। সময়মতো পোশাক উৎপাদন না করতে পারায় রপ্তানিমূল্যও ঠিকমতো পাওয়া যায় না। দ্রুত সমাধান না হলে পুরো শিল্প খাত ভয়াবহ পরিস্থিতির মুখে পড়বে।
বর্তমানে ডলার সংকটের কারণে গ্যাস আমদানি সম্ভব নয়। দেশীয় উৎস থেকে গ্যাস সরবরাহের পথ খুঁজে বের করতে হবে। ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণ হয়েছে, কিন্তু সমুদ্রবক্ষে গ্যাসক্ষেত্র আবিষ্কারে যথেষ্ট অনুসন্ধান হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রবক্ষে প্রচুর পরিমাণ গ্যাস আছে। এগুলো অনুসন্ধান ও উত্তোলন করা হলে বর্তমান সংকট হতো না। উচ্চমূল্যের জ্বালানি আমদানি করার প্রয়োজন হতো না।
দেশে গ্যাসের মজুত দ্রুত ফুরিয়ে আসছে। নতুন গ্যাসক্ষেত্র না খুঁজে পাওয়া গেলে বাংলাদেশ সম্পূর্ণভাবে উচ্চমূল্যের জ্বালানির ওপর নির্ভরশীল হয়ে যাবে। এতে গ্যাসের দাম বেড়ে যাবে, বিদ্যুৎ উৎপাদনের ব্যয় বাড়বে এবং পণ্যের উৎপাদনমূল্যও বৃদ্ধি পাবে। শিল্প খাতের অচলাবস্থা এড়িয়ে উত্তরণের একমাত্র পথ হলো অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন বাড়ানো ও নতুন গ্যাসক্ষেত্রের ব্যাপক অনুসন্ধান চালানো।

