চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় পাঁচ মাস পর আবারো ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত বৃহস্পতিবার প্রথম চালানে চারটি ট্রাকে আসে ১০০ টন পেঁয়াজ। শনিবার দুপুর ৩টা পর্যন্ত মোট পাঁচটি ট্রাকে পেঁয়াজ এসেছে। এর আগে সরকার ১৩ জন আমদানিকারককে এই বন্দর দিয়ে ৪৭০ টন পেঁয়াজ আনার অনুমতি দিয়েছিল। তথ্যটি নিশ্চিত করেছেন পানামা পোর্ট লিংকের বন্দর ব্যবস্থাপক মাইনুল ইসলাম এবং সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমির ঘোষ।
সমির ঘোষ জানান, চলতি বছরের ১ এপ্রিল থেকে ১৩ আগস্ট পর্যন্ত এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। তবে ১৪ আগস্ট থেকে বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে আবার আমদানি শুরু হয়েছে। এবার আমদানির নিয়ম কিছুটা পরিবর্তন করা হয়েছে। প্রতিজন আমদানিকারক সর্বোচ্চ ৩০ থেকে ৫০ টন পর্যন্ত পেঁয়াজ আমদানির অনুমতি পাচ্ছেন।
দেশের বাজারে সম্প্রতি পেঁয়াজের দাম বেড়ে যায়। গত শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাজারে কেজিপ্রতি ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হয়। তবে ভারত থেকে আমদানির খবর আসার পর শনিবার দাম কিছুটা কমে কেজিপ্রতি ৭২ থেকে ৭৭ টাকায় নেমে এসেছে। জেলা কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, পেঁয়াজের দাম আর বাড়বে না, বরং ধীরে ধীরে কমবে।
সোনামসজিদ আমদানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি একরামুল হক বলেন, সরকার বর্তমানে প্রতিজনকে মাত্র ৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে। এই পরিমাণ আরও বাড়ানো উচিত।

