২৫ থেকে ২৯ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদলের ভারত সফরের কথা ছিল। তবে সফরটি বাতিল করা হয়েছে। ফলে প্রস্তাবিত দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা আপাতত স্থগিত হলো।
প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার এই পর্বটি অন্য কোনো সময়ে হতে পারে। তবে এর ফলে ২৭ আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক স্থগিত বা প্রত্যাহারের সম্ভাবনা আপাতত ভেস্তে গেল। রয়টার্স তাৎক্ষণিকভাবে বিষয়টি যাচাই করতে পারেনি।
চলতি আগস্ট মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল আমদানির শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। ২৭ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হলে কিছু ভারতীয় পণ্যের শুল্কহার দাঁড়াবে ৫০ শতাংশে। চলমান বাণিজ্যযুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কগুলোর মধ্যে এটি অন্যতম সর্বোচ্চ হার। বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দাবি ছিল ভারতের কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করা। কিন্তু কৃষক ও স্থানীয় বাজার রক্ষায় ভারত সে বিষয়ে অনড় ছিল। এ ছাড়া আরও কিছু কারণে দুই দেশের মধ্যে চুক্তি হয়নি।
৫০ শতাংশ শুল্ক আরোপের পরও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট জানিয়ে দেন, কৃষক ও মজুরদের স্বার্থ রক্ষায় তিনি একবিন্দু ছাড় দেবেন না। প্রয়োজনে ব্যক্তিগতভাবে বড় মূল্য দিতে হলেও তিনি প্রস্তুত। এই অবস্থার মধ্যেই খবর এলো, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ভারতে আসছে না। ফলে বাণিজ্যচুক্তির ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
রয়টার্সের খবরে সাবেক মার্কিন বাণিজ্য প্রতিনিধি মার্ক লিন্সকট বলেছেন, একসময় দুই পক্ষই চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু ট্রাম্প ও মোদির মধ্যে সরাসরি যোগাযোগ না হওয়াই মূল বাধা হয়ে দাঁড়ায়। তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা দাবি করেছেন, অন্যান্য দেশের সঙ্গে চুক্তি হলেও সবসময় সরাসরি ফোনালাপ হয়নি। ভারতের এক কর্মকর্তা জানান, মোদি ফোনে কথা বলতে চাননি। তাঁর আশঙ্কা ছিল, তিনি ট্রাম্পের একতরফা কথার ফাঁদে পড়তে পারেন।
ওয়াশিংটনের একটি সূত্র জানিয়েছে, ট্রাম্প ভারতের কাছ থেকে বড় কিছু প্রত্যাশা করেছিলেন। যেমন বাজার আরও উন্মুক্ত করা, বিনিয়োগের প্রতিশ্রুতি ও বড় আকারের ক্রয়চুক্তি। কিন্তু ভারত সেসব ছাড় দিতে রাজি হয়নি। ভারতের এক কর্মকর্তা স্বীকার করেন, দেশটি কোরিয়ার মতো চমকপ্রদ প্রতিশ্রুতি দেয়নি। দক্ষিণ কোরিয়া চুক্তির আগে ৩৫ হাজার কোটি ডলারের বিনিয়োগ, জ্বালানি আমদানির প্রতিশ্রুতি এবং চাল ও গরুর মাংস আমদানিতে ছাড় দিয়ে ১৫ শতাংশ শুল্ক আদায় করে। কিন্তু ভারত নিজেদের স্বার্থে কট্টর অবস্থান নিয়েছে। এ বিষয়ে ট্রাম্পও বলেছেন, ভারত আলোচনায় খুব কঠোর।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার পণ্য কেনা অব্যাহত রেখেছে। অথচ শুধু রাশিয়ার তেল কেনার জন্য ভারতকে আলাদাভাবে শাস্তি দেওয়া হচ্ছে।
