সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরে সাতক্ষীরা অঞ্চলে বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ঋণ বিতরণ কমলেও মুনাফা বেড়েছে প্রায় ২ কোটি টাকা। এটি ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ৩ কোটি ৭০ লাখ টাকা বেশি।
কৃষি ব্যাংক সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয় জানিয়েছে, গত অর্থবছরে জেলার ১৭টি শাখা থেকে মোট ৩০১ কোটি ৭০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এর বিপরীতে আদায় হয়েছে ২৯৬ কোটি ২৯ লাখ টাকা। এতে ঋণ আদায়ের হার হয়েছে ৯৮ শতাংশ। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে সাতক্ষীরায় ৪০৯ কোটি ৪০ লাখ টাকার ঋণ বরাদ্দ দেয়া হয়েছিল। সেই সময় আদায় হয়েছিল ৩৩৮ কোটি ২৮ লাখ টাকা। ঋণ আদায়ের হার তখন ৮৩ শতাংশ ছিল। হিসাব অনুযায়ী, গত অর্থবছরে ঋণ বরাদ্দ কমেছে ১০৭ কোটি ৭০ লাখ টাকা।
কৃষি ব্যাংক সাতক্ষীরার উপ-মহাব্যবস্থাপক এসএমএ কাইয়ূম বলেন, “২০২৩-২৪ অর্থবছরে ব্যাংক ১৬ কোটি টাকা মুনাফা করেছিল। ২০২৪-২৫ অর্থবছরে মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ১৯ কোটি ৭০ লাখ টাকায়।” তিনি আরো জানান, মুনাফা ধারাবাহিক রাখতে জেলার ১৭টি শাখার সব কর্মকর্তা-কর্মচারীকে গ্রাহকসেবার মান উন্নয়নে কাজ করতে বলা হয়েছে।

