দেশের জাহাজ নির্মাণ শিল্পে কৌশলগত নীতি প্রণয়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর একটি হোটেলে গতকাল ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজন করে ‘পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ: শিল্পায়নের এক নতুন সীমানা’ শীর্ষক সেমিনার। অনুষ্ঠানে গবেষক, অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা এ বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
আইবিএফবির সাবেক সভাপতি হুমায়ুন রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান ড. জাইদি সাত্তার। তার প্রবন্ধের শিরোনাম ছিল ‘বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প ও জাহাজ রফতানি: রফতানি বৈচিত্র্যের সীমান্তগুলো এগিয়ে নিয়ে যাওয়া’। ড. জাইদি বলেন, ‘চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানসহ অনেক দেশ জাহাজ নির্মাণ শিল্পের উন্নয়নে কাজ করছে। বাংলাদেশেও এ শিল্পের বিকাশের বিশাল সম্ভাবনা আছে। এজন্য অন্যান্য রফতানি পণ্যের মতো একটি স্বতন্ত্র নীতি প্রয়োজন।’

ড. জাইদি সাত্তার এ খাতের বাণিজ্য পরিসংখ্যানও তুলে ধরেন। তিনি বলেন, ‘বিশ্বব্যাপী বাণিজ্যিক জাহাজ নির্মাণ বাজারের আকার ১৫৫ বিলিয়ন ডলার। ২০৩০ সালে এটি ১৯৩.৪ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এই বিশাল বাণিজ্যের ৫৬ শতাংশ দখল করছে চীন।’
অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৪০ শতাংশ এবং ২০৫০ সালের মধ্যে ৭০ শতাংশ কমানোর লক্ষ্য ঘোষণা করেছে। তাই যে দেশগুলো পরিবেশবান্ধব জাহাজ তৈরি ও রফতানি করতে পারবে, তারাই সামুদ্রিক অর্থনীতির নেতৃত্ব দেবে।’
আইবিএফবির পরিচালক শাখাওয়াত হোসেন বলেন, ‘বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে ব্যাপক সম্ভাবনা রয়েছে। শিল্পকে এগিয়ে নিতে একটি কৌশলগত নীতি ও আর্থিক সহযোগিতা প্রয়োজন। যদি বৈশ্বিক বাজারের মাত্র এক শতাংশও আমরা নিজের করে নিতে পারি, বছরে ২ বিলিয়ন ডলারের রফতানি সম্ভব।’ প্রধান উপদেষ্টার অর্থবিষয়ক বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘শিল্পের উন্নয়নে চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাংক ঋণ সহজ করতে হবে। এছাড়া রিফান্ড গ্যারান্টি ও বীমা নিশ্চিত করাও প্রয়োজন।’
সেমিনারে উপস্থিত ছিলেন আইবিএফবির পরিচালক সভাপতি লুতফুন নিসা সৌদীয়া খান, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, আইবিএফবির সাবেক সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী, হাফিজুর রহমান খানসহ বিভিন্ন শিল্প ও বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা।

