স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের ওষুধশিল্প বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। মেধাস্বত্ব বিধি আরও কড়াকড়ি হবে। এতে ওষুধের দাম বাড়তে পারে। সফটওয়্যার, বইসহ বিভিন্ন পণ্যের কপিরাইটেও অতিরিক্ত ব্যয় গুনতে হতে পারে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতি ও শিল্প বিশ্লেষকরা।
গতকাল শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত ‘মেধাসম্পদ এবং বাণিজ্য রূপান্তরের চ্যালেঞ্জ: স্থানীয় শিল্পের জন্য সর্বোত্তম কৌশল’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, “উন্নত দেশগুলোর নিজস্ব ও ভূরাজনৈতিক ইস্যু বাণিজ্যের ওপর প্রভাব ফেলছে। এর ফলে সময়ে সময়ে সংরক্ষণশীল বাণিজ্য ভীতি তৈরি হচ্ছে। ডব্লিউটিও দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ সব নিয়ম-নীতি পরিবর্তন করেছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় কিছু দেশ জোটবদ্ধভাবে এবং দ্বিপক্ষীয় বাণিজ্য করছে।” তিনি আরো বলেন, “বিভিন্ন দেশ এখন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করছে। তবে এফটিএ করলেই সব সুবিধা পাওয়া যায় না। এর সুফল নির্ভর করে দরকষাকষির সক্ষমতার ওপর।”
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সাবেক সদস্য ড. মোস্তফা আবিদ খান বলেন, “এলডিসি উত্তরণের ফলে রপ্তানিতে চ্যালেঞ্জ আসবে, কিন্তু তা মোকাবিলা কঠিন হবে না। সমস্যা মূলত মেধাস্বত্বের ক্ষেত্রে হবে। উত্তরণের পর ওষুধের দাম বাড়বে। একই সঙ্গে সফটওয়্যার, বইসহ অন্যান্য ক্ষেত্রে কপিরাইটের জন্য বাড়তি খরচ দিতে হবে। এগুলো মোকাবিলায় নজর দিতে হবে।” গবেষণা সংস্থা র্যাপিডের চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক জানান, “সরকার রাজস্বের ২৭ শতাংশ আহরণ করে আমদানি শুল্ক থেকে। এফটিএ করলে এ খাত থেকে রাজস্ব কমে যাবে। তাই যৌক্তিকতার ভিত্তিতে এফটিএ কৌশল গ্রহণ করা প্রয়োজন।”
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাসরুর রিয়াজ বলেন, “বাংলাদেশের রপ্তানির ভিত্তি মজবুত রাখতে পণ্য ও বাজারের বৈচিত্র্য দরকার। কর্মসংস্থান বাড়াতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে। ডিজিটাল অর্থনীতি ও এসএমই খাতে বিনিয়োগ বাড়ালে কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা হবে।”
বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, “ব্যবসায়ীরা এলডিসি উত্তরণ পেছানোর দাবি করছেন। জোর করে উত্তরণের কারণে বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ করতে হচ্ছে। আমদানি শুল্ক কমলে সরকার রাজস্ব হারাবে। শুল্ক কমানোর ফলে প্যাকেজিং, সিমেন্টসহ কিছু শিল্পও ক্ষতিগ্রস্ত হবে।” তিনি আরো বলেন, “বাংলাদেশে ব্যবসা পরিচালনার ব্যয় বেশি। এর অন্যতম কারণ সুদহার বেশি। চট্টগ্রাম বন্দরে ওয়্যারহাউস ব্যয় প্রায় চার গুণ বেড়েছে। ব্যাংক খাতে খেলাপি ঋণ বেশি হওয়ায় বিদেশি ব্যাংক এলসি দেবে কিনা, তা নিয়েও উদ্বেগ রয়েছে।” থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্কের জ্যেষ্ঠ পরামর্শক সানিয়া রিড স্মিথ বলেন, “এখন বাংলাদেশ মেধাস্বত্বের বিধিনিষেধ ছাড়াই ওষুধ উৎপাদন ও রপ্তানি করতে পারছে। কিন্তু এলডিসি স্ট্যাটাস হারালে ওই ওষুধে পেটেন্ট বসবে। এতে বিনিয়োগ কমতে পারে।”
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান রোচি জানান, “এলডিসি থেকে উত্তরণের পর ওষুধসহ কিছু খাতে ১০ থেকে ১৫ শতাংশ শুল্ক আরোপ হতে পারে। চ্যালেঞ্জ মোকাবিলায় এফটিএ, পিটিএসহ দ্বিপক্ষীয় চুক্তির প্রস্তুতি নিতে হবে। এফটিএ কৌশল গ্রহণ অপরিহার্য।”
সেমিনারে আরও বক্তব্য দেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতি আব্দুল হাই সরকার।

