ময়মনসিংহের ভালুকা এখন শুধুই শিল্পাঞ্চল নয়। এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে পর্যটন ও আন্তর্জাতিক শিক্ষার নতুন কেন্দ্রে। এখানে একসঙ্গে গড়ে উঠছে আন্তর্জাতিক মানের বোর্ডিং স্কুল, পাঁচতারকা হোটেল ও বিলাসবহুল রিসোর্ট। এসব প্রকল্প বাস্তবায়নে এগিয়ে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস পিএলসি।
ভালুকার দ্রুত বর্ধনশীল শিল্প এলাকার প্রেক্ষাপটে বেস্ট হোল্ডিংস হাতে নিয়েছে একাধিক মেগা প্রকল্প। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক হোটেল চেইন ম্যারিয়ট ভালুকা, বিশ্বখ্যাত বোর্ডিং স্কুল হেইলিবেরি ভালুকা এবং ৫৩ একর জমিতে নির্মিতব্য লাজারি লাক্সারি কালেকশনস রিসোর্ট।
গতকাল শনিবার ময়মনসিংহের ভালুকায় সাংবাদিকদের জন্য বেস্ট হোল্ডিংস পিএলসির চলমান প্রকল্পগুলো ঘুরিয়ে দেখানো হয়। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা হেইলিবেরি আন্তর্জাতিক স্কুল, ম্যারিয়ট হোটেল ও লাজারি রিসোর্টের নির্মাণ অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি তারা জানান এসব উদ্যোগ শিল্পাঞ্চল ও অর্থনীতিতে কীভাবে প্রভাব ফেলবে।

হেইলিবেরি আন্তর্জাতিক স্কুল:
হেইলিবেরি স্কুল বিশ্বের অন্যতম বিখ্যাত বোর্ডিং স্কুল। প্রায় ১৬০ বছর আগে যুক্তরাজ্যে এর যাত্রা শুরু হয়। বর্তমানে এর শাখা আছে বিশ্বের বিভিন্ন দেশে। সম্প্রতি চালু হয়েছে হেইলিবেরি ভালুকার ২০২৪ শিক্ষাবর্ষ। প্রথম ব্যাচের শিক্ষার্থীদের শতভাগই ২০-৭৫ শতাংশ শিক্ষাবৃত্তি পেয়েছে। গ্রেড ১ থেকে ৯ পর্যন্ত ক্লাস শুরু হয়েছে, যা ধাপে ধাপে ১২তম গ্রেড পর্যন্ত সম্প্রসারিত হবে। স্কুল পরিচালনা করছে বেস্ট হোল্ডিংসের অঙ্গপ্রতিষ্ঠান আইকন এক্স সার্ভিসেস লিমিটেড।
শুধু পড়ালেখা নয়, শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে প্রস্তুত করতেই হেইলিবেরি নেতৃত্ব বিকাশ, ব্যক্তিত্ব উন্নয়ন ও বৈশ্বিক অংশগ্রহণমূলক নানা কার্যক্রম চালাচ্ছে। এরইমধ্যে শিক্ষার্থীরা MIT-এর যৌথ সামার প্রোগ্রাম, হার্ভার্ড সামার স্কুল ইনফো সেশন এবং ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ড-এ অংশ নিয়েছে।

ম্যারিয়ট ভালুকা হোটেল:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০ কিলোমিটার দূরে মাওনা–হবিরবাড়ি এলাকায় ৪.৫ একর জমিতে গড়ে উঠছে পাঁচতারকা মানের হোটেল। এতে থাকবে ২২৮টি আধুনিক কক্ষ, মিটিং রুম, স্পা, ফিটনেস সেন্টার, সিনেপ্লেক্স, ফুডকোর্টসহ সব আধুনিক সুবিধা। আইফনএজ হোটেলস লিমিটেড ২০২১ সালের জুনে ম্যারিয়ট ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি করেছে। হোটেলটির কাজ প্রায় ৮০ শতাংশ শেষ, আর বাকি অভ্যন্তরীণ সাজসজ্জা শেষ পর্যায়ে। এছাড়া কমার্শিয়াল কমপ্লেক্স, শপিংমল, সিনেপ্লেক্স ও ফুডকোর্টের কাজও চলমান। হোটেলটি চালুর পরিকল্পনা ২০২৬ সালের জুনে।
লাজারি লাক্সারি কালেকশনস রিসোর্ট:
ভালুকার ৫৩ একর জমিতে নির্মিত হচ্ছে বিলাসবহুল রিসোর্ট। এতে থাকছে এক্সিকিউটিভ লাউঞ্জ, সুইমিং পুল, গলফ প্র্যাকটিস জোন, টেনিস কোর্ট, থিয়েটার, স্পা, প্রেসিডেন্সিয়াল ভিলা ও সিগনেচার রেস্টুরেন্ট। হোটেল ও কমার্শিয়াল কমপ্লেক্স পরিচালিত হবে ম্যারিয়ট ইন্টারন্যাশনাল-এর মাধ্যমে, যারা ঢাকায় সফলভাবে ‘লে মেরিডিয়ান’ পরিচালনা করেছে।
বেস্ট হোল্ডিংসের কোম্পানি সেক্রেটারি মো. আবুল কালাম আজাদ বলেন, “ভালুকায় হোটেল নির্মাণ কেবল ব্যবসায়িক পদক্ষেপ নয়। এটি কৌশলগত ও প্রতীকী উদ্যোগ। ঢাকার বাইরে ব্যবসা ও উন্নয়নের পরিবেশ তৈরিতে বড় ভূমিকা রাখবে।” এই তিনটি প্রকল্প চালু হলে ভালুকা রূপ নেবে পূর্ণাঙ্গ শিল্প, শিক্ষা ও পর্যটন হাবে। একইসঙ্গে কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন এবং আঞ্চলিক উন্নয়নে রাখবে দৃশ্যমান অবদান।

