জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ টাকার ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৮২১ কোটি ৫৮ লাখ টাকা, প্রকল্প ঋণ ২ হাজার ৪২৮ কোটি ৪ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৫৬ কোটি ৮৯ লাখ টাকা।
আজ রোববার পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। অনুমোদিত ১০ প্রকল্পের মধ্যে ৫টি নতুন, ২টি সংশোধিত এবং ব্যয় না বাড়িয়ে মেয়াদ বৃদ্ধির ৩টি প্রকল্প রয়েছে।
সভায় অংশ নেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুমোদিত প্রকল্পগুলো হলো:
- কৃষি মন্ত্রণালয়ের রংপুর অঞ্চলে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প
- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ৩৩/১১ কেভি আউটডোর উপকেন্দ্র আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন প্রকল্প (বাপবিবো এলাকায়)
- শিল্প মন্ত্রণালয়ের কেরু অ্যান্ড কোং (বিডি) লি.-এর বিএমআর প্রকল্প (২য় সংশোধিত)
- শিক্ষা মন্ত্রণালয়ের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন প্রকল্প
- স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী ও ফরিদপুর মেডিকেল কলেজে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন (১ম সংশোধিত)
- গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আজিমপুর সরকারি কলোনিতে বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ (জোন-সি)
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২টি বহুতল আবাসিক ভবন নির্মাণ
- স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই (তৃতীয় সংশোধিত)
- স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বান্দরবান পৌরসভা ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন সম্প্রসারণ (১ম সংশোধিত)
- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন প্রকল্প। সভায় পরিকল্পনা উপদেষ্টা এর আগে অনুমোদিত আরও ৯টি প্রকল্প সম্পর্কে একনেক সদস্যদের অবহিত করেন।

