পরিবেশ ছাড়পত্র নেওয়ার শর্তে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপনের প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। একনেক অনুমোদনের পরও অবকাঠামো উন্নয়নের কাজ শুরু করতে হলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হবে। মূলত পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের আপত্তি এই শর্ত আরোপের কারণ।
আজ রোববার পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভার পর পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানান, প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫১৯ কোটি টাকা। এটি ২০২৫ সালের মে মাসে শুরু হয়ে ২০২৯ সালের এপ্রিল পর্যন্ত চলবে। সিরাজগঞ্জের শাহজাদপুরের বুড়ি পোতাজিয়ায় ১০০ একর জমিতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হবে। প্রকল্পটি গত মে মাসে একনেকে উঠেছিল, কিন্তু পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়েছিল।
পরিবেশবিদ ও পানি বিশেষজ্ঞদের অভিযোগ, প্রকল্পের জায়গাটি চলনবিলের শেষ অংশে অবস্থিত। এখানে মিলিত হয়েছে শতাধিক খাল, বিল, বড়াল নদী ও অর্ধশতাধিক ছোট নদী। এসব উৎস থেকে আসা পানি যমুনা নদীতে গিয়ে মিলিত হয়। ক্যাম্পাস নির্মাণ হলে পানিপ্রবাহে ব্যাঘাত সৃষ্টি হতে পারে।
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “এ এলাকাটি পূর্বে চারণভূমি ছিল। ২০১৮ সালে ভূমি মন্ত্রণালয় অকৃষি জমি হিসেবে ছাড়পত্র দিয়ে ভূমি অধিগ্রহণে অনাপত্তি সনদ দেয়। তখন বলা হয়েছিল পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র নিতে হবে। এখন সেই শর্ত পূরণের ভিত্তিতে প্রকল্পটি অনুমোদিত হয়েছে। পরিবেশবিদদের নানা মত আছে। পুরো বিষয়টি এখন পরিবেশ মন্ত্রণালয়ের কাছে রয়েছে। তারা মূল্যায়ন করবেন।”
একনেক সূত্র জানায়, প্রকল্পটি একনেকের তালিকায় চার নম্বরে ছিল। প্রস্তাবনা সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আপত্তি তোলেন। দীর্ঘক্ষণ আলোচনা হয়। পরে সিদ্ধান্ত হয়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার শর্তে আপাতত প্রকল্পটি পাস হবে। ছাড়পত্র নিতে দুই মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। গতকালের একনেক সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। ওই সভায় মোট ১১টি প্রকল্প অনুমোদিত হয়।

