চট্টগ্রাম বন্দর থেকে একই দিনে ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) বা অফডকে কনটেইনার সরানোর নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্দেশনায় বলা হয়েছে, কোনো চালানের সব কনটেইনার প্রথম দিনেই নির্ধারিত ডিপোতে পৌঁছাতে হবে। তবে সম্ভব না হলে দ্বিতীয় দিনের মধ্যে অবশ্যই সরাতে হবে।
গত ১৪ আগস্ট এনবিআরের দ্বিতীয় সচিব (শুল্ক, রপ্তানি নীতি ও বন্ড) মো. আল আমিন এ বিষয়ে একটি সার্কুলার জারি করেন। এতে তিন দফা নির্দেশনা দেওয়া হয়েছে এবং তা আইসিডি মালিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে পাঠানো হয়েছে।
এনবিআরের নির্দেশনায় আরো বলা হয়েছে, কোনো চালানের সব কনটেইনার অফডকে স্থানান্তরিত হওয়ার পরই চার্জ প্রযোজ্য হবে। তবে বিশেষ পরিস্থিতি বা ধারণক্ষমতার সীমাবদ্ধতা দেখা দিলে চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনারের বিবেচনায় “ডুয়াল ডেলিভারি”র অনুমতি দেওয়া যেতে পারে।
বর্তমানে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সচল রাখতে ৬৫ ধরনের আমদানি পণ্য বেসরকারি আইসিডি ও অফডকে স্থানান্তর করা হয়। কিন্তু শিল্পপ্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠনসহ স্টেকহোল্ডাররা প্রায়ই আইসিডির সীমিত ধারণক্ষমতা, বিলম্ব ও জটিলতা নিয়ে অভিযোগ তুলে আসছে। এসব সমস্যা সমাধান ও বাণিজ্য সহজীকরণের অংশ হিসেবে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে, ২৫ জুলাই চট্টগ্রাম কাস্টম হাউসে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা একই অভিযোগ তোলেন। সংগঠনের সভাপতি এসএম সাইফুল আলম ও মহাসচিব শওকত আলী জানান, আইসিডি মালিকরা অধিক পণ্য খালাসের অনুমতি চাইলেও অবকাঠামো ঘাটতির কারণে সময়মতো ডেলিভারি সম্ভব হয় না। তারা চট্টগ্রাম বন্দর থেকেই সরাসরি ডুয়াল ডেলিভারির অনুমোদন চান।
সেই বৈঠকে এনবিআর চেয়ারম্যান আশ্বাস দেন, আইসিডি মালিকদের সঙ্গে আলাদা আলোচনায় তাদের প্রকৃত ধারণক্ষমতা মূল্যায়ন করা হবে। বর্তমানে চট্টগ্রামে ১৯টি বেসরকারি আইসিডি আমদানি, রপ্তানি ও খালি কনটেইনার হ্যান্ডল করছে।
নতুন নির্দেশনা প্রসঙ্গে বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, “বন্দরে কনটেইনার খালাস হওয়ার পর আমাদের চার দিন ফ্রি টাইম দেওয়া হয়। এক-দুই দিনের মধ্যে সব কনটেইনার সরানো অনেক সময় কঠিন হয়ে যায়। বন্দরে জট না থাকলে সম্ভব হলেও সংকটময় পরিস্থিতিতে এ সময়সীমা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।”

