বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৪-২৫ অর্থবছরে অনিরীক্ষিত হিসাবে ৯৩৭ কোটি টাকা মুনাফা করেছে। প্রতিষ্ঠার ৫৫ বছরের ইতিহাসে এটি সর্বোচ্চ মুনাফার রেকর্ড। এর আগে ২০২১-২২ অর্থবছরে বিমান সর্বোচ্চ ৪৪০ কোটি টাকার মুনাফা করেছিল।
২০২৪-২৫ অর্থবছরে বিমানের আয় দাঁড়ায় ১১,৬৩১ দশমিক ৩৭ কোটি টাকায়। এর আগের বছর অর্থাৎ ২০২৩-২৪ সালে বিমান প্রথমবারের মতো ১০ হাজার কোটির বেশি আয় করা কোম্পানিতে পরিণত হয়েছিল। তবে ১৯৭২ সালে মাত্র ১ দশমিক ৯০ কোটি টাকা আয় দিয়ে যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি। যুদ্ধবিধ্বস্ত দেশের সীমিত অবকাঠামো থেকে বিমান ধীরে ধীরে আধুনিক ও প্রতিযোগিতামূলক এয়ারলাইন্সে রূপ নেয়।
প্রতিষ্ঠার পর থেকে বিমান মোট ২৬টি বছরে লাভ করেছে। ২০০৭ সালে করপোরেশন থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের পর গত ১৮ বছরে বিমানের মোট পুঞ্জীভূত মুনাফা দাঁড়ায় ৫৮৯ কোটি টাকায়। ২০২৪-২৫ অর্থবছরে বিমানের যাত্রী পরিবহন হয়েছে ৩ দশমিক ৪ মিলিয়ন। কার্গো পরিবহন হয়েছে ৪৩ হাজার ৯১৮ টন। কেবিন ফ্যাক্টর বেড়ে দাঁড়িয়েছে ৮২ শতাংশে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।
২০২৫ সালের জানুয়ারি মাসে বিমানের ইতিহাসে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড হয়। লাগেজ দ্রুত সরবরাহ, উন্নত ইন-ফ্লাইট সেবা ও বিমানবন্দর প্রক্রিয়ার আধুনিকায়ন যাত্রী সন্তুষ্টি বাড়িয়েছে। একই সঙ্গে বিমান আন্তর্জাতিক নিরাপত্তা মান কঠোরভাবে মেনে ধারাবাহিকভাবে প্রশংসনীয় সেফটি রেকর্ড বজায় রেখেছে।

