জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনের সময় দাপ্তরিক কাজে বাধা দেওয়ায় আরো চার কর কর্মকর্তা সাময়িক বরখাস্ত হয়েছেন। আজ সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) তাদের বরখাস্তের আদেশ জারি করেছে। আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।
বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন:
- সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু
- খুলনা মোংলার কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার আবুল আলা মোহাম্মদ আমীমুল ইহসান খান
- চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির যুগ্ম কমিশনার সানোয়ারুল কবির
- খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপকমিশনার সাইদুল ইসলাম
এনবিআরের আন্দোলনের কারণে গত দেড় মাসে ৩১ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আইআরডি সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান আজ চার কর্মকর্তার বরখাস্তের পৃথক আদেশে সই করেছেন। চিঠিতে বলা হয়েছে, ১২ মে সরকার কর্তৃক জারি করা রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫–এর বিরোধিতা করে আন্দোলনের সময় কর্মচারীরা দাপ্তরিক কাজ সম্পাদনে বাধা দিয়েছেন। পাশাপাশি কাজ ত্যাগ করে রাজস্ব ভবনে আসতে বাধ্য করার মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমও বাধাগ্রস্ত হয়েছে।
এই কারণে চার কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণ করা হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮–এর ধারা-৩৯ (১) অনুযায়ী তাদের জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করে সাময়িক বরখাস্ত করা হলো। চিঠিতে আরও বলা হয়েছে, বরখাস্তকালে তারা বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।
এনবিআর সূত্রে জানা গেছে, মে ও জুন মাসে এনবিআরে যে আন্দোলন হয়েছিল, বরখাস্তকৃত সবাই তাতে সম্পৃক্ত ছিলেন। কেউ কেউ নেতৃত্বও দিয়েছিলেন। আন্দোলন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে পরিচালিত হয়।
গত মে ও জুনে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন করেছিলেন। ২৮ ও ২৯ জুন সারা দেশে কাজ বন্ধ করে দেন তারা। এরপর ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করা হয়। এরপর শাস্তিমূলক ব্যবস্থা শুরু হয়। আন্দোলন প্রত্যাহারের পর তিন সদস্য ও এক কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। কাজ বন্ধ রাখার দায়ে চট্টগ্রাম কাস্টম হাউসের তৎকালীন কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া এনবিআরের দুই সদস্যসহ ১৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদক তদন্ত শুরু করেছে। অধিকাংশই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
সরকার ১২ মে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা—এই দুটি নতুন বিভাগ করার অধ্যাদেশ জারি করে। এর পর থেকে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা সব পক্ষের মতামত অনুযায়ী যৌক্তিক সংস্কারের দাবিতে প্রায় দেড় মাস আন্দোলন চালান।

