হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আশ্বস্ত করেছেন, যে কোনো চুক্তির মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।
জেলেনস্কি বলেন, নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে। এতে থাকবে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য অস্ত্র। তিনি আরো জানান, ‘আমাদের একটি প্রস্তাবিত প্যাকেজ রয়েছে, যার মূল্য ৯০ বিলিয়ন ডলার। রপ্তানি চালু হলে যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় ড্রোন কিনবে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
জেলেনস্কি গতকাল সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠককে ‘সেরা বৈঠক’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘যুক্তরাষ্ট্র শুধু সমন্বয়ই করবে না, নিরাপত্তা নিশ্চয়তার অংশীদারও হবে। এটি বড় অগ্রগতি।’ তবে কীভাবে যুক্তরাষ্ট্র এই নিরাপত্তা সহায়তা দেবে, তা স্পষ্ট করা হয়ন্বা যুদ্ধ বন্ধে চলতি সপ্তাহে শুক্রবার আলাস্কায় ট্রাম্পের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের একটি প্রতিনিধি দল সোমবার বৈঠক করেন হোয়াইট হাউসে। বৈঠকের পরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, নিরাপত্তার ক্ষেত্রে অনেক সাহায্য আসবে। ইউরোপীয় দেশগুলো এতে জড়িত থাকবে। ‘তারা প্রথম প্রতিরক্ষা বাহিনী কারণ তারা সেখানে আছে, তবে আমরা ইউক্রেনকে সাহায্য করব।’
আজ মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, গ্যারান্টিগুলো আগামী সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। তিনি জানান, ইউক্রেন প্রায় ৯০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছে। জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন রাশিয়ার সঙ্গে যেকোনো বৈঠকে বসতে প্রস্তুত। ভূখণ্ড বিনিময়ের বিষয় নিয়ে সরাসরি আলোচনায় পুতিনের সঙ্গে আলোচনা হবে। এটি আমার এবং পুতিনের মধ্যে থাকবে।’
বৈঠকের পর ট্রাম্প বলেন, যুদ্ধরত দুই দেশের রাষ্ট্র প্রধানের বৈঠকের পর একটি ত্রিপক্ষীয় বৈঠক হবে, যেখানে তিনি নিজেও থাকবেন। হোয়াইট হাউসে ওভাল অফিসে যৌথ সংবাদ সম্মেলনে এবং ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি এ তথ্য জানান।
ট্রাম্প বলেন, ইউরোপের বিভিন্ন দেশ ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে। যুক্তরাষ্ট্র এ সমন্বয় করবে। এর আগে হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাঝপথে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন। এ সময় দুই নেতার মধ্যে ৪০ মিনিটের আলাপ হয়। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘বিশ্বে ছয়টি যুদ্ধ আমি থামিয়েছি। এই যুদ্ধ হয়তো সহজ হবে ভেবেছিলাম, কিন্তু তা হয়নি। এটি সবচেয়ে কঠিন। তবে আত্মবিশ্বাসী, আমরা সমাধান খুঁজে পাব।’
তিনি আরো বলেন, ‘আজকের বৈঠক শেষ নয়। মানুষ মারা যাচ্ছে, আমরা তা থামাতে চাই। আমার বিশ্বাস, পুতিনও যুদ্ধ শেষ করতে চান।’ সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধ শেষ হবে। জেলেনস্কি চান, পুতিনও চান। গোটা বিশ্ব ক্লান্ত। আমরা সরাসরি শান্তিচুক্তিতে যেতে চাই। এটি সঠিক পথ।’

