চার দিনের সফরে আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। সফরে তিনি বাংলাদেশ- পাকিস্তান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করবেন।
সরকারের এক কর্মকর্তা জানান, গত জুনে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর ঢাকা সফর নিয়ে প্রাথমিক আলোচনা হয়। বিভিন্ন কারণে সফরটি পিছিয়ে যায়। এবার তিনি নির্ধারিত সময়েই আসবেন।
ঢাকা সফরে কামাল খানের মূল বৈঠক হবে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে। এছাড়া তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সরকারের আরও কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাকিস্তান ও বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় আলোচনার জন্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন সংক্রান্ত সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নিচ্ছে। আগামী সপ্তাহে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসবেন। তখন এই সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

