চট্টগ্রাম বন্দর থেকে দেড় কোটি টাকার দুটি কনটেইনারের হদিস মিলছে না। এর মধ্যে কাপড়ভর্তি কনটেইনার রয়েছে। নিলামে কিনে শুল্ক, মূল্য ও বন্দরের সব চার্জ পরিশোধের পরও ক্রেতা কনটেইনার হাতে পাচ্ছেন না।
ফেব্রুয়ারিতে চট্টগ্রাম কাস্টমসের নিলামে প্রায় ২৭ টন ফেব্রিক্সভর্তি একটি কনটেইনার কেনেন শাহ আমানত ট্রেডিংয়ের মালিক সেলিম রেজা। দাম পড়েছিল ৮৫ লাখ টাকা। পরে তিনি পণ্য পরীক্ষা করেন এবং শুল্ক, দামসহ সব মিলে মোট এক কোটি সাত লাখ টাকা পরিশোধ করেন। কিন্তু ২৬ ফেব্রুয়ারি ট্রাক নিয়ে বন্দরের ইয়ার্ডে গেলে জানানো হয়, কনটেইনার নেই। ছয় মাস কেটে গেলেও এর খোঁজ মেলেনি।
সেলিম রেজা বলেন, “কাস্টমস কমিশনারকে তিনবার চিঠি দিয়েছি। এখনও কোনো উত্তর পাইনি। ব্যবসা বন্ধ হওয়ার পথে। ক্ষতি দেড় কোটি টাকার বেশি।” চট্টগ্রাম কাস্টম হাউসের সহ-কমিশনার মো. সাকিব হোসেন জানান, প্রথমে বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়ে কনটেইনারের অবস্থান খোঁজা হবে। না পাওয়া গেলে রিফান্ড প্রক্রিয়া শুরু হবে।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, “বর্তমানে বন্দরে প্রায় ৪৮ থেকে ৪৯ হাজার কনটেইনার রয়েছে। হ্যান্ডলিংয়ের সময় কোনো কনটেইনার নির্দিষ্ট জায়গায় না থেকে অন্যত্র থাকতে পারে। খোঁজা হচ্ছে। হারিয়ে যাওয়ার সুযোগ নেই। পাওয়া গেলে জানানো হবে।”

