জাতীয় নীতি প্রতিযোগিতা-২০২৫’ এবং ‘সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট’ কার্যক্রম বাস্তবায়নের প্রস্তাব শেষ মুহূর্তে প্রত্যাহার করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব দুটি আলোচনার জন্য তোলা হলেও তা আর টেবিলে আসেনি।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের পাঠানো বিবৃতিতে জানানো হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় স্বেচ্ছায় প্রস্তাব দুটি প্রত্যাহার করেছে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। প্রস্তাব দুটি কমিটিতে উপস্থাপনের জন্য প্রস্তুতকৃত সংক্ষিপ্ত বিবরণ সমকালের হাতে এসেছে। এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে তরুণদের রাষ্ট্রীয় চিন্তায় সম্পৃক্ত ও ক্ষমতায়ন করতে ‘জাতীয় নীতি প্রতিযোগিতা-২০২৫’ আয়োজনের পরিকল্পনা ছিল। জুলাই থেকে ডিসেম্বর ২০২৫ মেয়াদে দেশব্যাপী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ লক্ষ্যে অভিজ্ঞ ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড’-কে সরাসরি ক্রয় পদ্ধতিতে নিয়োগের প্রস্তাব করা হয়েছিল।
অন্য প্রস্তাবটি ছিল ‘সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট’। তরুণদের উৎসবের অংশ হিসেবে এই কার্যক্রমে বিভিন্ন থিমে কনটেন্ট তৈরি ও প্রচার-প্রচারণার পরিকল্পনা ছিল। এ কাজ বাস্তবায়নে সরাসরি ক্রয় পদ্ধতিতে ‘জানালা বাংলাদেশ লিমিটেড’-কে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল।
দুই প্রস্তাবেই ব্যয়ের উৎস সরকারি অর্থ বলা হলেও সুনির্দিষ্ট অঙ্ক উল্লেখ করা হয়নি। তবে চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপনের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা আছে। ওই উৎসবকে কেন্দ্র করে নানা আয়োজন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
প্রস্তাব প্রত্যাহারের পর নীতি প্রতিযোগিতা আয়োজন নিয়ে নতুন করে পরিকল্পনা জানাতে বুধবার জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সচিব মো. মাহবুব-উল-আলম বিকেল ৩টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন।

