ইভ্যালি বন্ধ হওয়ার সময় গ্রাহকদের জমা থাকা অর্থের অধিকাংশই ফেরত দেওয়া হয়েছে। ২০২১ সালের অক্টোবর মাসে ইভ্যালি বন্ধ হওয়ার সময় পাওনাদার গ্রাহকদের মোট ১৭ কোটি ৬৯ লাখ ৩৩ হাজার ১৭৫.৮৪ টাকা নগদের কাছে জমা ছিল। এর মধ্যে ২৪,৬৩০ জন গ্রাহককে ১২ কোটি ৮৩ লাখ ১২ হাজার ৭৮০.৬৪ টাকা ফেরত দেওয়া হয়েছে।
সরকারের নির্দেশনা অনুসারে যথাযথ যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নগদ ২০২৩ সালে ১,৬৩১ জন গ্রাহককে ৬ কোটি ১৪ লাখ ৪৭৫.৭০ টাকা ফেরত দিয়েছে। ২০২৪ সালে ২২,৯৯৯ জন গ্রাহককে কয়েক দফায় ৬ কোটি ৬৮ লাখ ২৬ হাজার ৩০৪.৯৪ টাকা ফেরত দেওয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স বিষয়ক কারিগরি কমিটির সরাসরি তত্ত্বাবধানে নগদের কাছে জমা অর্থ গ্রাহককে ফেরত দেওয়ার কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে নগদের কাছে ইভ্যালির গ্রাহকের ৪ কোটি ৮৬ লাখ ২০ হাজার ৩৯৫.২০ টাকা জমা আছে। কমিটির নির্দেশনা অনুযায়ী এই অর্থ ফেরত দেওয়ার জন্য নগদ সবসময় প্রস্তুত রয়েছে।
নগদের চিফ কমার্সিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূইয়া জানান, “আমরা অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে ইভ্যালির পাওনাদার গ্রাহকের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব পালন করছি। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। নগদের সিস্টেমে ইভ্যালির গ্রাহকদের জমা থাকা অর্থ ফেরত দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছে।”

