দেশের ব্যাংক খাত এক দীর্ঘস্থায়ী সংকটে দ্রুত ধাবিত হচ্ছে। একের পর এক ব্যাংক মূলধন ঘাটতির ফাঁদে পড়ছে। এই ঘাটতি দিনকে দিন বেড়েই চলেছে এবং ভয়াবহ রূপ নিচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে, রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত ও বেসরকারি মিলিয়ে মোট ২৩টি ব্যাংক বর্তমানে মূলধন ঘাটতির মধ্যে রয়েছে। এদের সম্মিলিত ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ২৮৯ কোটি ১৪ লাখ টাকা। এই পরিস্থিতির পেছনে রয়েছে দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও ঋণ বিতরণে অব্যবস্থাপনা। এর ফলে অনেক ঋণ আর ফেরত পাওয়া যাচ্ছে না। ঘাটতির বোঝা পড়ছে পুরো ব্যাংকিং ব্যবস্থার ওপর এবং এর প্রভাব পড়ছে আর্থিক স্থিতিশীলতায়।
বিশ্লেষকেরা বলছেন, এই মূলধন ঘাটতি শুধু আর্থিক দুর্বলতার চিত্র নয়। এটি দেশের ব্যাংকিং খাতের গভীর কাঠামোগত সমস্যারও প্রতিফলন। দীর্ঘদিন ধরে চলা দুর্বল ব্যবস্থাপনা, রাজনৈতিক প্রভাব, স্বচ্ছতা ও জবাবদিহির অভাব এই সংকটের মূল কারণ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের পর্যালোচনায় দেখা গেছে, বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর একাধিক ব্যাংক নতুন করে মূলধন ঘাটতির মধ্যে পড়েছে। এর মধ্যে রয়েছে: ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এক্সিম ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক।
বিশ্লেষকরা বলছেন, সরকারের পরিবর্তনের পর এসব ব্যাংকের ভেতরের আর্থিক দুর্বলতা ও ঝুঁকিপূর্ণ ঋণের প্রকৃত চিত্র স্পষ্ট হচ্ছে। অতীতে রাজনৈতিক ছত্রছায়ায় অনিয়ন্ত্রিত ঋণ বিতরণে ব্যাংকগুলোর ঝুঁকি লুকানো থাকলেও বর্তমানে তা প্রকাশ পাচ্ছে মূলধন ঘাটতির আকারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাস শেষে ২৩টি ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় ঘাটতি রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকে—১৮ হাজার ৯৪৫ কোটি টাকা। ইউনিয়ন ব্যাংকের ঘাটতি ১৭ হাজার ৪৯২ কোটি, রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ১২ হাজার ৭৬৮ কোটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৭ হাজার ৭৯০ কোটি। ন্যাশনাল ব্যাংকের ঘাটতি ৬ হাজার ৯৩৮ কোটি ৭০ লাখ, ইসলামী ব্যাংকের ৬ হাজার ৪৫৪ কোটি ৩২ লাখ।
এছাড়া অগ্রণী ব্যাংকের ঘাটতি ৫ হাজার ৮২২ কোটি, পদ্মা ব্যাংকের ৫ হাজার ১৭০ কোটি ৭০ লাখ, রূপালী ব্যাংকের ৪ হাজার ৪৭০ কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৩ হাজার ৯৮০ কোটি ৬১ লাখ, এবি ব্যাংকের ৩ হাজার ৬৯৩ কোটি এবং বেসিক ব্যাংকের ৩ হাজার ৫০৬ কোটি টাকা।
আইএফআইসি ব্যাংকের ঘাটতি ২ হাজার ৬৯৮ কোটি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ২ হাজার ৫১০ কোটি ৬৯ লাখ, সোশ্যাল ইসলামী ব্যাংকের ১ হাজার ৯৭৯ কোটি ৮১ লাখ, বাংলাদেশ কমার্স ব্যাংকের ১ হাজার ৭৮২ কোটি, আইসিবি ইসলামী ব্যাংকের ১ হাজার ৪৯৮ কোটি, প্রিমিয়ার ব্যাংকের ১ হাজার ১৭১ কোটি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৯৫৪ কোটি, এক্সিম ব্যাংকের ৫২১ কোটি, সিটিজেনস ব্যাংকের ৮৬ কোটি, সীমান্ত ব্যাংকের ২৬ কোটি এবং হাবিব ব্যাংকের ৩৬ লাখ টাকা।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “মূলধন ঘাটতির সবচেয়ে বড় কারণ হলো খেলাপি ঋণের অস্বাভাবিক বৃদ্ধি। অতীতে এসব ঋণ গোপন করা হতো। এখন প্রকৃত তথ্য প্রকাশ পাচ্ছে, তাই খেলাপি ঋণ বেড়েছে এবং ব্যাংকের মূলধনে সরাসরি প্রভাব ফেলছে।” তিনি আরো বলেন, “গত সরকারের আমলে যেসব ব্যাংকে লুটপাট ও অনিয়ম হয়েছে, আজ সেই ব্যাংকগুলোই সবচেয়ে সংকটাপন্ন। এই অব্যবস্থাপনাই তাদের মূলধন ঘাটতির গভীরে ঠেলে দিয়েছে।”
অর্থনীতিবিদদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকও সংকট মোকাবিলায় সক্রিয় হচ্ছে। জানা গেছে, বাংলাদেশ ব্যাংক খুব শিগগিরই পাঁচটি ব্যাংক একীভূত করবে। এছাড়া আরও প্রায় ১১টি ব্যাংকের আর্থিক অবস্থা মূল্যায়ন করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঘাটতিপূর্ণ ব্যাংকগুলোকে মূলধন ঘাটতি পূরণের বাস্তবসম্মত পরিকল্পনা দিতে হবে। তা কার্যকর না হলে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, সময়মতো পদক্ষেপ না নিলে পুরো ব্যাংকিং খাতের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। খেলাপি ঋণ, দুর্বল ব্যবস্থাপনা ও রাজনৈতিক প্রভাবের জাল ছিন্ন করেই খাত পুনরুদ্ধার সম্ভব।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ শেষে মোট বিতরণ করা ঋণের পরিমাণ ১৭ লাখ ৪১ হাজার ৯৯২ কোটি। এর মধ্যে খেলাপি ঋণ ৪ লাখ ২০ হাজার ৩৩৫ কোটি, যা মোট ঋণের ২৪.১৩ শতাংশ। গত ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি। অর্থাৎ তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৭৪ হাজার ৫৭০ কোটি টাকা।

