ভারত সরকার ১৯ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তুলা আমদানিতে শুল্ক মওকুফ করেছে। এই সিদ্ধান্ত গত সোমবার রাতে প্রকাশিত এক সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে। খবরটি নিশ্চিত করেছে রয়টার্স।
আগে ভারতের তুলা আমদানিতে ১১ শতাংশ শুল্ক কার্যকর ছিল। সাময়িক শুল্কমওকুফকে দেশটির শিল্প সংগঠনগুলো স্বাগত জানিয়েছে। তারা মনে করে, এই উদ্যোগ প্রতিযোগিতা বাড়াতে সাহায্য করবে।
এসময় ভারতের তৈরি পোশাক রফতানি খাত যুক্তরাষ্ট্রের আরোপিত ৫০ শতাংশ শুল্কের চাপের মুখে রয়েছে। এর মধ্যে বিদ্যমান ২৫ শতাংশ শুল্কের সঙ্গে চলতি মাসের শেষ দিকে আরো ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। ওয়াশিংটন অতিরিক্ত শুল্ক আরোপ করেছে রাশিয়ার জ্বালানি তেল আমদানির কারণে ‘শাস্তিমূলক ব্যবস্থা’ হিসেবে। ফলে, কার্যকর শুল্কের দিক থেকে ভারতের অবস্থান এখন সবচেয়ে প্রতিকূল। বাংলাদেশের জন্য শুল্ক ২০ শতাংশ, ভিয়েতনামের ২০ শতাংশ এবং চীনের ৩০ শতাংশ।
ভারতীয় টেক্সটাইল কনফেডারেশনসহ বিভিন্ন শিল্প সংগঠন তুলা আমদানির শুল্ক প্রত্যাহারের দাবিতে দীর্ঘ সময় ধরে অনুরোধ করে আসছিল। সংশ্লিষ্টরা আশা করছেন, সেপ্টেম্বরের পরও সরকার শুল্কমুক্ত আমদানির সুবিধা বাড়াতে পারে।

