এবার গ্রীষ্মকালীন আয়ের দিকে আকাশচুম্বী আশা পূরণ হচ্ছে না মার্কিন এয়ারলাইনসগুলোয়। আগস্টে তারা অনেক উড়ানসূচিতে কাটছাঁট করেছে। মূল কারণ, যাত্রীদের একাংশ ছুটি আগে শুরু করার কারণে জুন বা মে মাসেই ভ্রমণ শেষ হয়ে গেছে।
ইউরোপগামী যাত্রীরাও এখন আর গরম ও ভিড়ের কারণে গ্রীষ্মে ভ্রমণ করছেন না। তাঁদের ভ্রমণ শরৎকালে সরে গেছে। বিশেষ করে অবসরপ্রাপ্ত বা যাঁদের নির্দিষ্ট সময় নেই, তারা এখন এই প্রবণতাকে অনুসরণ করছেন। বছরের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে এয়ারলাইনসগুলো সবচেয়ে বেশি আয় করে। কিন্তু এই পরিবর্তিত ভ্রমণচাহিদা ও আগাম টিকিট সংরক্ষণের অনিশ্চয়তার কারণে তৃতীয় প্রান্তিকে তারা বিপুল আয় করতে পারবে না।
আগস্টে যাত্রীর চাপ কমায় এয়ারলাইনসগুলোকে সূচি সাজাতে এখন অনেক হিসাবি হতে হচ্ছে। মহামারির পর শ্রম ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় সঠিক সময়ে সঠিক উড়ানের ব্যবস্থা এখন টিকে থাকার শর্ত। গ্রীষ্মে অতিরিক্ত আসন ও উড়ানের কারণে ভাড়া কমে গিয়েছিল। এখন সেই কাটছাঁট ভাড়া বাড়াচ্ছে। মার্কিন ভোক্তামূল্যসূচক অনুযায়ী, গত জুলাইয়ে বিমানভাড়া আগের বছরের তুলনায় ০.৭ শতাংশ বেড়েছে। জুনের তুলনায় জুলাইয়ে ভাড়া বেড়েছে ৪ শতাংশ।
- ইউরোপগামী যাত্রীরা গরম ও ভিড়ের কারণে গ্রীষ্মে ভ্রমণ করছেন না।
- ভোক্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির অনিশ্চয়তা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ব্যয় কমিয়েছেন।
- চাহিদা কমায় উড্ডয়নের সময়সূচি সাজানো কঠিন হয়ে গেছে।
সিরিয়ামের তথ্য অনুযায়ী, জুলাই থেকে আগস্টে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ উড়ান ও আসনসংখ্যা ৬ শতাংশ কমেছে। ২০২৪ সালে একই সময়ে কমেছিল ৪ শতাংশ, ২০২৩ সালে মাত্র ০.৬ শতাংশ। ২০১৯ সালে এই হার ছিল ১.৭ শতাংশ।
২০২৫ সালের শুরুতেই অনেক এয়ারলাইনস হতাশ হয়েছিল। ভোক্তারা ট্রাম্পের শুল্কনীতির ধারাবাহিকতাহীনতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ব্যয় কমিয়েছেন। এ কারণে গ্রীষ্মকালীন ব্যস্ত মৌসুমেও টিকিটের দাম কমাতে হয়েছে। যদিও সাম্প্রতিক আয়ে ভ্রমণচাহিদা কিছুটা বেড়েছে, ডেলটা, আমেরিকান, ইউনাইটেড ও সাউথওয়েস্ট জুলাইয়ে তাদের বছরের শুরুতে দেওয়া মুনাফার পূর্বাভাস কমিয়েছে। আরেক সমস্যা হলো, অনেক যাত্রী এখন শেষ মুহূর্তে টিকিট কিনছেন। জেটব্লু এয়ারওয়েজের প্রেসিডেন্ট মার্টি সেন্ট জর্জ জানান, মে মাসের মাঝামাঝি থেকে মেমোরিয়াল ডে পর্যন্ত বুকিং বাড়ে এবং জুনেও এই ধারা অব্যাহত থাকে।
কিছু এয়ারলাইনস এখন ভাবছে, আগামী বছর কীভাবে বদলানো ভ্রমণপ্রবণতার সঙ্গে খাপ খাওয়ানো যায়। আমেরিকান এয়ারলাইনসের নেটওয়ার্ক পরিকল্পনা ও সূচি বিষয়ক সহসভাপতি ব্রায়ান জোনোটিন্স বলেন, স্কুলগুলো আগেভাগে খোলা ও বন্ধ হওয়ায় এয়ারলাইনসের সূচিতে বড় প্রভাব পড়ছে। টেক্সাসের ডালাস ও ফোর্ট ওয়ার্থে স্কুল ৫ আগস্ট খুলেছে, আটলান্টায় ৪ আগস্ট। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি স্কুল মধ্য আগস্টে খোলা হতো। সাউথওয়েস্ট এ বছর গ্রীষ্মকালীন সূচি ৫ আগস্টেই শেষ করেছে, গত বছর যেখানে ছিল ১৫ আগস্ট। আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, আগামী বছর মেমোরিয়াল ডের এক সপ্তাহ আগে থেকে গ্রীষ্মকালীন সূচি শুরু করবে এবং দীর্ঘ দূরত্বের উড়ানও যোগ করবে।
জোনোটিন্স বলেন, ‘কম চাহিদার সময়সূচি সাজানো সবচেয়ে কঠিন। তখন শুধু আশা করলেই হবে না, যাত্রী টানতে উড়ানের মান ও সেবা উন্নত করতে হয়।’ আমেরিকান জানিয়েছে, তাদের আগস্টের সূচি ২০১৯ সালের সমপর্যায়ের হলেও জুলাইয়ের তুলনায় ৬ শতাংশ কম। বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক উড়ান কাটছাঁট ও আগাম সংরক্ষণের হার দেখলে ভবিষ্যতে সরবরাহ ও চাহিদার ভারসাম্য ফিরে আসতে পারে। বিশ্লেষক সভন্থি সাইথ বলেন, এয়ারলাইনস অনেক সময় মৌসুমি চাহিদার ভিত্তিতে বড় ব্যবস্থা নেয়, পরে দেখা যায় কর্মী ও আসনসংখ্যা অতিরিক্ত। তবে তিনি মনে করেন, ভবিষ্যতে চাহিদা ও ভাড়া দুটোই বাড়বে।

