ভারত ও চীনের সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে বড় অগ্রগতি হয়েছে। চীন এবার ভারতের প্রতিরক্ষা ও সেমিকন্ডাক্টর শিল্পের জন্য গুরুত্বপূর্ণ বিরল খনিজ রপ্তানি করবে।
এত দিন চীন ভারতে বিরল খনিজ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছিল। তা তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি সারের উৎপাদন ও অবকাঠামো উন্নয়নে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। গত সোমবার সন্ধ্যায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেন। বৈঠকে এই তিনটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইকনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চীন ভারতের তিনটি প্রধান উদ্বেগের বিষয়ে আশ্বাস দিয়েছে। সেগুলো হলো:
- সার সরবরাহ অক্ষুণ্ণ রাখা
- বিরল চৌম্বক খনিজ রপ্তানি চালু রাখা
- টানেল-বোরিং মেশিনের জোগান নিশ্চিত করা
ভারতের কৃষি, হাই-টেক ও অবকাঠামো শিল্পের জন্য এই তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্বে চীনের আকস্মিক সার রপ্তানি-নিষেধাজ্ঞা রবি মৌসুমে ডি-অ্যামোনিয়াম ফসফেটের সরবরাহে বড় প্রভাব ফেলেছিল। একইভাবে টানেল-বোরিং মেশিন আটকে যাওয়ায় বেশ কয়েকটি অবকাঠামো প্রকল্প স্থবির হয়ে গিয়েছিল। এর মধ্যে বিদেশি প্রতিষ্ঠানের চীনভিত্তিক কারখানায় তৈরি যন্ত্রও ছিল।
অটো ও ইলেকট্রনিক শিল্পও চীনের বিরল চৌম্বক খনিজ রপ্তানি বন্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল। সরবরাহ ঘাটতি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার আশঙ্কা তৈরি করেছিল। মূলত সীমান্ত উত্তেজনার কারণে নিরাপত্তা যুক্তি দেখিয়ে বেইজিং এসব নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের পর রাজনৈতিক মতপার্থক্য নিরসন ও আস্থা তৈরি করতে উদ্যোগ নিয়েছে দুই দেশ। গত মাসে জয়শঙ্কর ও ওয়াং দুটি বৈঠকও করেছেন। সেই ধারাবাহিকতায় এবার অর্থনৈতিক সীমাবদ্ধতা শিথিলের সিদ্ধান্তে পৌঁছেছে ভারত ও চীন।
যুক্তরাষ্ট্র ভারতের বিষয়ে কঠোর অবস্থান নিলেও এই সমঝোতা গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ট্রাম্প প্রশাসন ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। ফলে ভারতের পণ্যে মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশ। অপরদিকে যুক্তরাষ্ট্র চীনের প্রতি তুলনামূলকভাবে শিথিল নীতি নিয়েছে। বেইজিংয়ের সঙ্গে বাণিজ্যবিরতি নবায়ন হয়েছে, শুল্ক আরোপ ৯০ দিন পিছিয়েছে। পাশাপাশি উচ্চপ্রযুক্তির চিপ রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করার দিকে অগ্রসর হয়েছে।
রেয়ার আর্থ বা বিরল মৃত্তিকা খনিজ ১৭ ধরনের উপাদান নিয়ে গঠিত। আধুনিক প্রযুক্তি ও প্রতিরক্ষাশিল্পে এগুলোর ব্যবহার অপরিহার্য। মুঠোফোন, কম্পিউটার চিপ, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, উইন্ড টারবাইন, স্যাটেলাইট, ক্ষেপণাস্ত্র ও রাডার তৈরিতেও এগুলো প্রয়োজন।
চীন বিশ্ববাজারের প্রধান খেলোয়াড়। বিশ্বব্যাপী উৎপাদন ও রপ্তানির ৬০–৭০ শতাংশই চীনের নিয়ন্ত্রণে। খনিজ প্রক্রিয়াকরণ ও সরবরাহ শৃঙ্খলেও তাদের একাধিপত্য রয়েছে। ফলে যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান ও ভারত—সব শিল্পোন্নত দেশই চীনের ওপর নির্ভরশীল।
এই খনিজকে ‘২১ শতকের তেল’ বলা হয়। অর্থনীতি ও নিরাপত্তায় এগুলোর কৌশলগত গুরুত্ব অনেক। তাই চীন রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবেও এগুলোর রপ্তানি সীমিত করেছে। পূর্বে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে বিরোধের সময়ও এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। বিশ্লেষকেরা বলছেন, ভারত-চীনের মধ্যে বিরল খনিজ রপ্তানি শিথিল করার সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক নয়, রাজনৈতিক আস্থা তৈরি করারও প্রতীক।

