রাশিয়া ও ভারত বাণিজ্যিক সম্পর্ক আরো দৃঢ় করতে আগ্রহী। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মস্কো সফরের সময় রাশিয়ার পক্ষ থেকে এই বার্তা আসে। রাশিয়ার উদ্দেশ্য দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্যহীনতা কমানো এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।
রাশিয়ার দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স রোমান বাবশকিন রয়টার্সকে জানিয়েছেন, ভারত রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি বলেন, ভারতের কিছু চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু রাশিয়া তা দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ। তেল সরবরাহ অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইউক্রেন যুদ্ধের পরও পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত ২০২২ সাল থেকে রাশিয়ার অপরিশোধিত তেলের অন্যতম বড় ক্রেতা। বাবশকিন বলেন, ‘রুশ অপরিশোধিত তেলের কোনো বিকল্প নেই। এটি অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং ভারতের জন্য লাভজনক।’
তিনি আরো জানান, রাশিয়া ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে আগ্রহী। দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রতি বছর প্রায় ১০ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, ভারতে তেল সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা আছে। রাশিয়া দুই দেশের বাণিজ্য বাধা দূর করার কাজ করছে। সম্প্রতি ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের বিষয়েও বাবশকিন মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘যদি ভারতীয় পণ্য মার্কিন বাজারে প্রবেশে বাধার মুখে পড়ে, তবে রাশিয়ার বাজার ভারতের রপ্তানির জন্য উন্মুক্ত।’
রুশ দূতাবাস জানিয়েছে, ভারত তাদের চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ভবিষ্যতেও ভারতের জ্বালানি সরবরাহ একই পর্যায়ে থাকবে। তারা পশ্চিমা নিষেধাজ্ঞাকে ‘দ্বিমুখী নীতি’ এবং ‘জাতীয় স্বার্থের প্রতি অসম্মান’ হিসেবে অভিহিত করেছে। এছাড়া, দুই দেশের পেমেন্ট ও অর্থ পরিশোধ পদ্ধতি আরও উন্নত করার ওপর জোর দেওয়া হয়েছে।

