যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনার মধ্যে রাশিয়া ও ইউক্রেন এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি রাশিয়া কিয়েভকে প্রায় ১ হাজার ইউক্রেনীয় সৈন্যের মরদেহ হস্তান্তর করেছে, বিনিময়ে ইউক্রেন মস্কোকে ১৯ জন রাশিয়ান সেনার মরদেহ হস্তান্তর করেছে।
মঙ্গলবার এই মরদেহ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ও মুখপাত্র ভ্লাদিমির মেডিনস্কি টেলিগ্রামে এই খবর নিশ্চিত করেছেন।
মেডিনস্কি জানিয়েছেন, গত তিন মাস ধরে তুরস্কের ইস্তানবুলে রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের মধ্যে শান্তি সংলাপ চলছে। এই সংলাপে রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন মেডিনস্কি নিজেই। তিনি জানান, মরদেহ হস্তান্তরের সিদ্ধান্তও সংলাপকে ভবিষ্যতে ‘ইস্তানবুল চুক্তি’ আকারে রূপ দেওয়ার আলোকে নেওয়া হয়েছে।
গত মে মাসে শান্তি সংলাপ শুরু হওয়ার পর প্রথম মাসেই দুই দেশ মরদেহ ও যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয়। ২ জুন প্রথমবারে মোট ১২ হাজার মরদেহ (প্রতিটি দেশ থেকে ৬ হাজার) এবং মোট ২ হাজার যুদ্ধবন্দি বিনিময় করা হয়। পরে জুলাই মাসের শেষে আরও ২ হাজার ৪০০ যুদ্ধবন্দির বিনিময় সম্পন্ন হয়।
চলমান সংলাপের ধারাবাহিকতায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ইস্যু এখন আলাদাভাবে গুরুত্ব পাচ্ছে। এই আলোচনায় যুক্তরাষ্ট্রও মধ্যস্থতার ভূমিকা রাখছে। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ইস্যুতে বৈঠক করেছেন রাশিয়ার পুতিন ও ইউক্রেনের জেলেনস্কির সঙ্গে।
এই মরদেহ হস্তান্তর ও সংলাপের ধারা যুদ্ধের মানবিক ক্ষয়ক্ষতি কমাতে এবং ভবিষ্যতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় নতুন আশার আলো হিসেবে দেখা হচ্ছে।

