পাঁচ বছরে দেশে মাছের উৎপাদন বেড়েছে ৭.৪১ লাখ টন। ২০১৮–১৯ অর্থবছরে যেখানে উৎপাদন ছিল ৪২.৭৭ লাখ টন, ২০২৩–২৪ অর্থবছরে তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৫০.১৮ লাখ টনে।
আজ বুধবার রাজধানীর ফার্মগেটের কৃষি গবেষণা কাউন্সিলে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফআরআইয়ের মহাপরিচালক অনুরাধা ভদ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন। এছাড়া সম্মানিত অতিথি ছিলেন মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মী ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রউফ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফআরআইয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মশিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আখতার বলেন, “আমরা এমন একটি ভূগোলিক বাস্তবতায় আছি যেখানে মাছ ছাড়া জীবন কল্পনা করা যায় না। দেশে একসময় ৬৪ প্রজাতির মাছ বিলুপ্ত হয়েছিল। কিন্তু বিএফআরআইয়ের গবেষণার কারণে ৪১ প্রজাতি আবার ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।”
মূল প্রবন্ধে মো. মশিউর রহমান জানান, বর্তমানে দেশে ৬৬৯টি অভয়াশ্রম রয়েছে যার আয়তন প্রায় ১ হাজার ১৬৯ হেক্টর। তিনি বলেন, গত পাঁচ বছরে মাছের উৎপাদন ৭ দশমিক ৪১ লাখ টন বেড়েছে।
সেমিনারে সচিব মো. তোফাজ্জেল হোসেন জানান, এখন থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সরাসরি অভয়াশ্রম ঘোষণা করতে পারবে। এ উদ্দেশ্যে বিদ্যমান আইনে সংশোধন আনা হয়েছে।

