বাংলাদেশের তৈরি পোশাক আবারও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে শক্ত অবস্থান দেখিয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের হিসাব বলছে, আগের বছরের তুলনায় বাংলাদেশের রপ্তানি বেড়েছে প্রায় ১৮ শতাংশ।
ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে, এই ছয় মাসে বাংলাদেশ ইইউতে পোশাক রপ্তানি করেছে ১০.২৯ বিলিয়ন ইউরো মূল্যের। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৮.৭৩ বিলিয়ন ইউরো। অর্থাৎ এক বছরে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৭.৯ শতাংশে।
এ সময়ে ইইউর সামগ্রিক পোশাক আমদানি বেড়েছে ১২.৩ শতাংশ। গত বছর যেখানে ৩৮.৬৪ বিলিয়ন ইউরো মূল্যের পোশাক আমদানি হয়েছিল, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৪৩.৩৯ বিলিয়ন ইউরোতে। ফলে গড় হিসাবের চেয়ে দ্রুতগতিতে এগিয়েছে বাংলাদেশের পোশাক রপ্তানি।
তবে প্রতিযোগিতার ময়দানে বাংলাদেশকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে চীন ও কম্বোডিয়া। চীন এখনো ইইউর সবচেয়ে বড় সরবরাহকারী। দেশটির রপ্তানি বেড়েছে ২২.৩ শতাংশ, যা দাঁড়িয়েছে ১১.২৬ বিলিয়ন ইউরোতে। অন্যদিকে, প্রবৃদ্ধির হারে সবচেয়ে এগিয়ে আছে কম্বোডিয়া। তারা মাত্র ছয় মাসে রপ্তানি বাড়িয়েছে ৩০.৪ শতাংশ, মোট আয় দাঁড়িয়েছে ২.০৭ বিলিয়ন ইউরোতে।
প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশের ১৭.৯ শতাংশ প্রবৃদ্ধি শুধু যে ইইউর গড় প্রবৃদ্ধিকে ছাড়িয়ে গেছে তাই নয়, ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বীদেরও পেছনে ফেলেছে। তবে চীন ও কম্বোডিয়ার গতিকে এখনো স্পর্শ করতে পারেনি।
সব মিলিয়ে, ইইউতে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক হিসেবে বাংলাদেশের অবস্থান আরও শক্ত হয়েছে। তবে প্রতিদ্বন্দ্বীদের চাপে টিকে থাকতে হলে রপ্তানি বৃদ্ধির এই ধারা ধরে রাখার পাশাপাশি নতুন বাজার কৌশল নিয়েও ভাবতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

