বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাতগুলোর একটি—সেমিকন্ডাক্টর শিল্প—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণায় বড় ধাক্কার মুখে পড়তে যাচ্ছে। তিনি ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রে আমদানি করা চিপের ওপর ৩০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হতে পারে। তবে যেসব বিদেশি কোম্পানি যুক্তরাষ্ট্রে গবেষণা বা কারখানা স্থাপনে অঙ্গীকার করবে, তারা শুল্ক ছাড়ের সুযোগ পাবে।
ট্রাম্পের পরিকল্পনা কী?
গত ৭ আগস্ট হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প প্রথমে ১০০ শতাংশ শুল্ক আরোপের ইঙ্গিত দেন। তবে পরে সাংবাদিকদের বলেন, এই হার আরও অনেক বেশি হতে পারে—২০০ বা এমনকি ৩০০ শতাংশ পর্যন্ত। তিনি স্পষ্ট করেন, যদি কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন না করে, তাহলে তাদের পেছনের সব শুল্ক যোগ করে পরবর্তীতে দিতে বাধ্য করা হবে।
আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, “আগামী সপ্তাহে স্টিলের ওপর শুল্ক ঘোষণা করব, তার পরের সপ্তাহে চিপ বা সেমিকন্ডাক্টরের ওপর। শুল্কের হার হবে ২০০ থেকে ৩০০ শতাংশ।”
কেন এই শুল্ক?
বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের প্রধান উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদনের খরচের অসুবিধাকে সুবিধায় পরিণত করা। কানাডার টেকইনসাইটসের উপ-সভাপতি জি ড্যান হাচিসন বলেন, “এটি মূলত সেই সব কোম্পানিকে টার্গেট করছে, যারা যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করছে না।”
এর পাশাপাশি, ওয়াশিংটন চীনকে প্রতিহত করতে চায়—যা বৈশ্বিক চিপ বাজারে এক বড় শক্তি। মার্কিন কংগ্রেসে দুই দলই এ বিষয়ে উদ্বিগ্ন। তাই এই শুল্ককে শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত ও ভূ-রাজনৈতিক পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে।
কারা সবচেয়ে বেশি প্রভাবিত হবে?
তাইওয়ানের টিএসএমসি বা দক্ষিণ কোরিয়ার স্যামসাংয়ের মতো কোম্পানিগুলো ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপন করেছে। ফলে তারা আপাতত শুল্কের বাইরে থাকতে পারে। কিন্তু চীনের চিপ নির্মাতাদের জন্য পরিস্থিতি জটিল। মার্কিন ও চীনা দুই পক্ষেরই বিনিয়োগে নানা বাধা থাকায় তাদের অবস্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।
সিঙ্গাপুরের লি কুয়ান ইউ স্কুল অব পাবলিক পলিসির অধ্যাপক ইয়ংউক রিউ বলেন, “এই শুল্ক চীনের সঙ্গে ‘পারস্পরিক শুল্ক’ বা রিসিপ্রোকাল ট্যারিফ আলোচনায় যুক্তরাষ্ট্রের জন্য একটি চাপ প্রয়োগের অস্ত্র হতে পারে।”
যুক্তরাষ্ট্র কত চিপ আমদানি করে?
আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র সরাসরি প্রায় ৪০ বিলিয়ন ডলারের চিপ আমদানি করেছে। তবে এটি পুরো চিত্র নয়। কারণ অনেক চিপ মার্কিন কারখানায় তৈরি হয়ে বিদেশে প্যাকেজিংয়ের জন্য পাঠানো হয় এবং পরে আবার আমদানি হয়।
‘চিপ ওয়ার’ বইয়ের লেখক ক্রিস মিলার বলেন, প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রে আসা চিপের পরিমাণ আরও অনেক বেশি—কমপক্ষে ৫০ বিলিয়ন ডলার মূল্যের চিপ এসেছে স্মার্টফোন, গাড়ির যন্ত্রাংশ ও গৃহস্থালি পণ্যের মাধ্যমে। এর একটি বড় অংশই যুক্তরাষ্ট্রের নিজস্ব কোম্পানি যেমন ইন্টেল বা টেক্সাস ইনস্ট্রুমেন্টসের উৎপাদিত।
বৈশ্বিক চিপ বাজারে কী প্রভাব পড়বে?
চিপ শিল্প ইতোমধ্যেই বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের কারণে অনিশ্চয়তায় আছে। ট্রাম্পের নতুন শুল্ক হুমকি সেই অনিশ্চয়তা আরও গভীর করবে।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের নিক ম্যারো বলেন, “সরকার আসলেই এই শুল্ক কার্যকরভাবে প্রয়োগ করতে পারবে কি না, তা স্পষ্ট নয়। এখনো কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই।”
সবচেয়ে বড় প্রশ্ন হলো—এই শুল্ক কি শুধু খোলা চিপের ওপর প্রযোজ্য হবে, নাকি বিদেশ থেকে আসা স্মার্টফোন, গৃহস্থালি যন্ত্রপাতি ও গাড়ির যন্ত্রাংশেও গণনা করা হবে? যদি দ্বিতীয়টি ঘটে, তবে প্রভাব পড়বে ইলেকট্রনিক্স থেকে শুরু করে অটোমোবাইল শিল্প পর্যন্ত।
ক্রিস মিলারের মতে, প্রথমে হয়তো কোম্পানিগুলো কম মুনাফা দিয়ে খরচ সামলাবে, কিন্তু শেষ পর্যন্ত ভোক্তারাই বেশি দামে এর মূল্য চুকাবে।

