মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) জুলাই বৈঠকের কার্যবিবরণী ও জ্যাকসন হোল সম্মেলনের দিকে দৃষ্টি রাখছেন বিশ্ববাজারের বিনিয়োগকারীরা। তারা আশা করছেন, এখান থেকে সুদহার কমানোর কোনো ইঙ্গিত আসতে পারে। এ প্রত্যাশার জেরে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সামান্য বেড়েছে।
গতকাল স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় প্রতি আউন্সে ৩ হাজার ৩২১ ডলার ৩৩ সেন্টে। যা ১ আগস্টের পর সর্বনিম্ন দামের কাছাকাছি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে ডিসেম্বরে সরবরাহ চুক্তির স্বর্ণের দামও ০.২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৬৪ ডলার ২০ সেন্টে। তবে এর আগে দিনের লেনদেনের এক পর্যায়ে তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দামে নেমে আসে পণ্যটি।
বাজার বিশ্লেষকরা বলছেন, ফেড সুদহার কমানোর প্রক্রিয়া পুনরায় শুরু না করা পর্যন্ত স্বর্ণের দাম সীমিত পরিসরে ওঠানামা করবে। নিমো.মানির প্রধান বিশ্লেষক হ্যান ট্যান মনে করেন, শক্তিশালী ডলারও স্বর্ণের ঊর্ধ্বমুখী প্রবণতাকে আটকে দিচ্ছে। তার মতে, যদি ফেডের জুলাই বৈঠকের কার্যবিবরণীতে ভিন্নমতের সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি দেখা যায়, তাহলে জ্যাকসন হোল সম্মেলনের আগেই স্বর্ণের দাম কিছুটা বাড়তে পারে।
এদিকে আগামী শুক্রবার কানসাস সিটি ফেডারেল রিজার্ভ আয়োজিত জ্যাকসন হোল সিম্পোজিয়ামে ভাষণ দেবেন ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল। বাজার পর্যবেক্ষকদের ধারণা, তার বক্তব্যেই মিলবে ভবিষ্যৎ সুদহার নীতির দিকনির্দেশনা।

