জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের জুলাই মাসে ২৭,২৪৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এটি গত বছরের একই মাসের ২১,৯১৬ কোটি টাকার তুলনায় ৫,৩৩৩ কোটি টাকা বেশি। জুলাই’২৫ মাসে রাজস্ব আদায়ের বৃদ্ধির হার দাঁড়িয়েছে ২৪.৩৩ শতাংশ।
এতে স্থানীয় পর্যায়ের মূসক থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে—১১,৩৫২ কোটি টাকা, যা গত বছরের ৮,৫৭১ কোটি টাকার তুলনায় ৩২.৪৫ শতাংশ বৃদ্ধি।
আয়কর ও ভ্রমণ কর খাতে জুলাই’২৫ মাসে আদায় হয়েছে ৬,২৯৫ কোটি টাকা, যা গত বছরের ৫,১৭৫ কোটি টাকার তুলনায় ২১.৬৫ শতাংশ বৃদ্ধি।
আমদানি ও রপ্তানি খাত থেকে আদায় হয়েছে ৯,৬০২ কোটি টাকা, যা গত বছরের ৮,১৭০ কোটি টাকার তুলনায় ১৭.৫২ শতাংশ বেশি।
এনবিআরের তরফে বলা হয়েছে, এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার জন্য আয়কর, মূল্য সংযোজন কর ও কাস্টমস শুল্ক-কর আদায়ে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টা আরও জোরদার করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড নানাবিধ কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে এই লক্ষ্য বাস্তবায়ন করবে।

