যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক শুল্ক এবং চাপ সত্ত্বেও ভারতের রাষ্ট্রায়ত্ত তেল পরিশোধনাগারগুলো আবার রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি শুরু করেছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, ইন্ডিয়ান অয়েল ও ভারত পেট্রোলিয়াম আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের সরবরাহের জন্য রাশিয়া থেকে তেল কিনবে।
রাশিয়া জানিয়েছে, যদিও যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানি কিছুটা কমতে পারে, ভারতের পণ্য বিক্রিতে সমস্যা নেই। তারা ভারতের জন্য রাশিয়ার বাজার উন্মুক্ত রাখবে।
জুলাই মাসে তেলের দাম কমে আসার কারণে ভারতের রাষ্ট্রায়ত্ত পরিশোধনাগারগুলো তেল কেনা কিছুটা কমিয়ে দিয়েছিল। এরপর যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল কিনায় ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। তবু ভারত বারবার জানিয়েছে, দেশের স্বার্থে যেখানে সুবিধা হবে, সেখান থেকেই তারা তেল কিনবে।
রাশিয়ার তেলে সম্প্রতি ব্যারেলপ্রতি ছাড় তিন ডলারে উন্নীত হওয়ায় আবার ভারতের পরিশোধনাগারগুলো তেল কেনা শুরু করেছে। ভারত রাশিয়া থেকে মূলত উরাল ক্রুড কিনে, পাশাপাশি ভ্যারানডে ও সাইবেরিয়ান লাইট ক্রুডও সংগ্রহ করে।
দিল্লিতে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার ডেপুটি চিফ অব মিশন রোমান বাবুশকিন বলেন, “রাশিয়া-ভারত সম্পর্ক দৃঢ়। বাইরের চাপ সত্ত্বেও জ্বালানি সহযোগিতা চলবে।”
ভারত যখন সাময়িকভাবে রাশিয়ার তেল কেনা কমিয়েছিল, তখন চীন আমদানি বাড়িয়েছে। রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা এখন ভারত ও চীন। তবে যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক পদক্ষেপ শুধুমাত্র ভারতের ওপর প্রযোজ্য।
রাশিয়ার ডেপুটি ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইয়েভগেনি গ্রিভা জানান, রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, ভারতের তেল আমদানি প্রায় একই থাকবে। তিনি বলেন, রাশিয়া ভারতের তেলের ওপর সাধারণত গড়ে ৫ শতাংশ ছাড় দেবে।
রাশিয়া ভারতকে আশ্বস্ত করেছে, যুক্তরাষ্ট্রে সমস্যা হলেও তাদের বাজারে ভারতীয় পণ্য বিক্রি করা যাবে। বাবুশকিন আরও বলেন, পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে নব্য উপনিবেশবাদের অভিযোগও রাশিয়া তুলে ধরেছে।
এক দিন আগে আলাস্কায় বৈঠক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই বৈঠকের পর পুতিন ফোনে নরেন্দ্র মোদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছেন, যা প্রমাণ করছে ভারত রাশিয়ার কাছে কতটা গুরুত্বপূর্ণ। বাবুশকিন উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র যদি ভারতকে সত্যিকারের বন্ধু মনে করত, এমন শুল্ক আরোপ করা হতো না।

