একসময়ের সরকারি-বেসরকারি খাতের সবচেয়ে সবল ব্যাংক বেসিক ব্যাংক এখন ব্যাংকিং খাতের ‘বিষফোড়া’ হিসেবে পরিচিত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় সাবেক সংসদ-সদস্য আবদুল হাই বাচ্চুর নেতৃত্বে ব্যাংকটি লুটপাটের শিকার হয়। ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে ২০১২ সালের মধ্যে ঋণের নামে ব্যাংকের আমানতকারীদের প্রায় ৫ হাজার কোটি টাকা লোপাট করা হয়। সেই সঙ্গে এলসির নামে ঋণের একটি অংশ বিদেশে পাচার হয়।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, ব্যাংকের শীর্ষ ২০ খেলাপির কাছেই আটকে আছে ৫ হাজার কোটি টাকা। খেলাপি ঋণ লাফিয়ে বেড়ে ৮ হাজার ৯০০ কোটি টাকার বেশি, প্রভিশন ও মূলধন ঘাটতি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। পুঞ্জীভূত লোকসান ৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ব্যাংকটি পুনরুদ্ধারে সরকার ৩ হাজার ৩০০ কোটি টাকা মূলধন বাবদ জোগান দিয়েছে, তবু ব্যাংক ঘুরে দাঁড়াতে পারেনি।
প্রতিবেদন বলছে, ঋণের নামে রাতের আঁধারে বড় অংকের টাকা বিতরণ করা হয়েছে। যথেষ্ট জামানত নেওয়া হয়নি, যা নেওয়া হয়েছে তা বেশির ভাগই ভুয়া বা অতিমূল্যায়িত। অনেক ঋণগ্রহীতার হদিস মিলেনি, ফলে খেলাপি ঋণ আদায় করা সম্ভব হয়নি। বাচ্চু ও তার পরিবার লুটের বড় অংশ হাতিয়ে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন।
বেসিক ব্যাংক ১৯৮৯ সালে ক্ষুদ্র শিল্পে ঋণ দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই ব্যাংকটির আর্থিক সূচক শক্তিশালী ছিল, খেলাপি ঋণ ৩ শতাংশের নিচে, নিয়মিত মুনাফা দিয়ে সরকারের জন্য প্রভিশন ও রিজার্ভ তহবিল বাড়ানো হতো। কিন্তু বাচ্চুর চেয়ারম্যান হওয়ার পর ব্যাংকের নিয়মকানুন উপেক্ষা করে নিজের পছন্দমতো লোক নিয়োগ ও ঋণ বিতরণ শুরু হয়।
২০২০ সালের পরে ব্যাংকের আর্থিক অবস্থার উন্নতি স্থায়ী হয়নি। খেলাপি ঋণ ২০২০ সালে ৭ হাজার ৭২২ কোটি টাকা থেকে ২০২৪ সালের ডিসেম্বরে ৮ হাজার ৮৩৬ কোটি টাকায় পৌঁছেছে। প্রভিশন ঘাটতি ৫ হাজার ৩১৫ কোটি, মূলধন ঘাটতি ৩ হাজার ৩৬৪ কোটি টাকা। লোকসান ৪ হাজার কোটি টাকার বেশি, আয় কমে ৫.৪৫ শতাংশে দাঁড়িয়েছে।
২০২৩ সালের মে মাসে কেন্দ্রীয় ব্যাংক বেসিক ব্যাংককে সিটি ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নিলে গ্রাহকরা প্রায় আড়াই হাজার কোটি টাকা তুলে নেন, যা ব্যাংকটিকে আরও সংকটে ফেলে। নতুন ঋণ বিতরণ কম হওয়ায় ব্যাংকের স্থিতিও কমেছে, সম্পদ কমে ১৪ হাজার ৮৩৫ কোটি টাকায় নেমেছে।
সব মিলিয়ে একসময়ের সবল ব্যাংকটি এখন পুরোপুরি সংকটাপন্ন, খেলাপি ঋণ ও ঘাটতির কারণে ব্যাংকের পুনর্গঠন কঠিন হয়ে দাঁড়িয়েছে।

