বাংলাদেশের একমাত্র গ্রানাইট খনি কোম্পানি বহু বছর ধরে বিপাকে পড়েছিল, যদিও তারা আন্তর্জাতিক মানের গ্রানাইট উদ্বৃত্ত পরিমাণে উৎপাদন করে আসছে। এর মূল কারণ হলো সরকারি প্রকল্পগুলোতে তুলনামূলক সস্তা হলেও নিম্নমানের ভারতীয় পাথরকে অগ্রাধিকার দেওয়া, আর স্থানীয় উৎপাদিত উন্নত মানের পাথরকে প্রায় উপেক্ষা করা।
পূর্ববর্তী সরকারের সময়ে অধিকাংশ প্রকল্পে ভারত থেকে আমদানি করা পাথর ব্যবহৃত হয়েছে। অথচ উচ্চমানের গ্রানাইট যদি সত্যিই প্রয়োজন হতো, তবে তা দেশেই সহজলভ্য ছিল। আমদানির পরিবর্তে স্থানীয় উৎস ব্যবহার করলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতো এবং খনি ক্ষতিগ্রস্ত হতো না।
উদাহরণ হিসেবে মাধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির কথা বলা যায়। কর্মকর্তাদের দাবি, এখানকার গ্রানাইটের মান অনেক উৎকৃষ্ট। কিন্তু বাস্তবে দেখা গেছে, সড়ক নির্মাণ থেকে শুরু করে রেলপথ প্রকল্প কিংবা পানি উন্নয়ন বোর্ডের কাজেও ভারত থেকে আসা নিম্নমানের পাথরই ব্যবহার করা হয়েছে, বাদ পড়েছে মাধ্যপাড়ার পাথর।
ফলে ২০২৪ সালেই দেশের একমাত্র গ্রানাইট খনিকে প্রায় ৩০ কোটি টাকা লোকসান গুনতে হয়েছে।
মাধ্যপাড়া খনির উপমহাব্যবস্থাপক সৈয়দ রফিজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আপনি এখানে আসতে যে রাস্তা ব্যবহার করেছেন, সেটিতেও ভারতের আমদানি করা পাথর ব্যবহার হয়েছে। অথচ আমাদের স্টক ইয়ার্ডে বিপুল পরিমাণ পাথর পড়ে আছে, যেগুলো বিক্রি হচ্ছে না।”
তার তথ্য অনুযায়ী, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় অবস্থিত এ খনি সম্প্রতি সর্বোচ্চ উৎপাদনের নতুন রেকর্ড গড়েছে।
পেট্রোবাংলার অধীনে পরিচালিত মাধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির মাসিক লক্ষ্য ১ লাখ ২৪ হাজার টন। কিন্তু গত আট মাসে তারা লক্ষ্য ছাড়িয়ে প্রায় ৪ লাখ টন বেশি পাথর উত্তোলন করেছে।
চুক্তির পথে অগ্রগতি-
রফিজুল ইসলাম জানান, “বাংলাদেশে বছরে প্রায় ২ কোটি ১৬ লাখ টন পাথরের প্রয়োজন হয়। এর বেশিরভাগই আমদানি করা হয় ভারত, ভুটান ও দুবাই থেকে। স্থানীয়ভাবে পঞ্চগড়ের মহানন্দা নদী ও সিলেটের ভোলাগঞ্জ থেকে সামান্য কিছু পাথর সংগ্রহ করা হলেও এর পরিমাণ তুলনামূলকভাবে অতি নগণ্য।”
তিনি বলেন, “দেশের একমাত্র ভূগর্ভস্থ খনি থেকে উত্তোলিত আন্তর্জাতিক মানের পাথর ব্যবহার না করার নানা অজুহাত আগের সরকারের আমলে তৈরি করা হতো। অথচ এসব পাথর সহজেই বড় প্রকল্পে ব্যবহার করা যেত।”
তার ভাষায়, “আমরা বিশ্বাস করি এ বছর আমরা আবারো লাভের মুখ দেখতে পারব। দীর্ঘ সময় বাংলাদেশ রেলওয়ে এবং পানি উন্নয়ন বোর্ড আমাদের পাথর কেনা বন্ধ রেখেছিল রাজনৈতিক চাপের কারণে। এখন তারা আবার আমাদের কাছ থেকে পাথর সংগ্রহের জন্য যোগাযোগ করছে। বর্তমানে প্রায় ৪০০ কোটি টাকার পাথর মজুত আছে। এগুলো বিক্রি করতে পারলেই আমরা ঘুরে দাঁড়াতে পারব।”
টিবিএস-এর আগের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, অবিক্রীত পাথর পড়ে থাকায় খনিকে ঠিকাদারকে অর্থ প্রদান ও কর্মীদের বেতন-ভাতা মেটাতে ঋণ নিতে হয়েছে। ২০২৪ সালের আগস্টে ঠিকাদারি প্রতিষ্ঠানের বকেয়া পরিশোধ করতে ৩০ কোটি টাকা ধার নেওয়া হয়।
রফিজুল ইসলাম জানান, “রেলওয়ে আমাদের কাছ থেকে নির্দিষ্ট ধরনের পাথর নেয়। বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার টন মজুত আছে। ইতোমধ্যেই ১ লাখ টন নেওয়ার জন্য রেলওয়ে চুক্তি করেছে এবং এর মধ্যে ৬০ হাজার টন সংগ্রহ করেছে। পানি উন্নয়ন বোর্ডও শিগগির আমাদের কাছ থেকে পাথর নিতে শুরু করবে।”
বর্তমানে খনির স্টকে ১২ লাখ টনের বেশি পাথর রয়েছে। খনি কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান উভয়েই জাতীয় প্রকল্পগুলোতে বিদেশি পাথরের পরিবর্তে স্থানীয় গ্রানাইট ব্যবহারের আহ্বান জানিয়েছে।
তথ্যানুযায়ী, বর্তমানে প্রতিদিন প্রায় ৫,৫০০ টন পাথর উত্তোলিত হচ্ছে মাধ্যপাড়া খনি থেকে—যা বছরে ১৫ লাখ টনেরও বেশি। তবে বার্ষিক বিক্রি হচ্ছে প্রায় ৯ লাখ টন। উত্তোলিত পাথরের মধ্যে ১৮% হলো ৫–২০ মিলিমিটার আকারের, ৫% হলো ২০–৪০ মিলিমিটার, ৩৪% হলো ৪০–৬০ মিলিমিটার (ব্লাস্ট), ১১% হলো ৬০–৮০ মিলিমিটার, ১৭% বোল্ডার এবং ১৫% হলো পাথরের গুঁড়া (০–৫ মিলিমিটার)।
সমস্যা হলো, অধিকাংশ নির্মাণকাজের জন্য ৮–১২ মিলিমিটার পাথরের প্রয়োজন হয়, যা মাধ্যপাড়া উৎপাদন করে না। ফলে ব্যবহারকারীরা বাধ্য হয়ে ৫–২০ মিলিমিটার আকারের পাথর ব্যবহার করছে। এই আকারের পাথরের চাহিদা খনির সক্ষমতার চেয়ে অনেক বেশি। অন্যদিকে উত্তোলিত পাথরের ৫১% হলো ব্লাস্ট ও বোল্ডার, যার প্রধান ক্রেতা বাংলাদেশ রেলওয়ে, পানি উন্নয়ন বোর্ড এবং এলজিইডি।
২০২৫ সালের ৩১ মে পর্যন্ত খনির মজুতে রেলওয়ের জন্য ৭ লাখ ৮০ হাজার টন ব্লাস্ট পাথর এবং নদী শাসন প্রকল্পের জন্য ৪ লাখ ৫২ হাজার টন বোল্ডার জমা রয়েছে।
মূল্যতালিকা অনুযায়ী: প্রতি টন ০–৫ মিলিমিটার গুঁড়া ১,১৫০ টাকা, ৫–২০ মিলিমিটার ৩,২৫০ টাকা, ২০–৪০ মিলিমিটার ৩,৬০০ টাকা, ৪০–৬০ মিলিমিটার ৩,৬৫০ টাকা, ৬০–৮০ মিলিমিটার ২,৬০০ টাকা, বোল্ডার ৩,২০০ টাকা এবং সূক্ষ্ম গুঁড়া ৭৪০ টাকা।

উচ্চমান, তবে দামে বেশি-
খনি কর্মকর্তারা ও ব্যবসায়ীরা মনে করেন, মাধ্যপাড়ার জটিল বিপণন নীতিমালা সাধারণ ক্রেতাদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ ক্রেতাদের অগ্রিম বুকিং করতে হয়, ব্যাংকে নগদ টাকা জমা দিতে হয় এবং খনি থেকে নিজের ব্যবস্থায় পরিবহন করতে হয়।
২০০৬ সালের বিপণন নীতি ২০১৭ সালে সংশোধন করা হলেও এখনো তা মূলত নিযুক্ত ডিস্ট্রিবিউটর ও সরকারি সংস্থার পক্ষেই সুবিধাজনক।
ব্যবসায়ীদের অভিযোগ, ভারত থেকে আমদানি করা ৫–২০ মিলিমিটার আকারের পাথরের দাম ঘনফুটপ্রতি ১২০–১৩০ টাকা, অথচ একই আকারের মাধ্যপাড়া পাথরের দাম ১৪০ টাকা।
কোম্পানি কর্মকর্তাদের মতে, বিদেশি পাথরের ওপর শুল্ক বাড়ানো এবং স্থানীয় পাথরের শুল্কমূল্য সমন্বয় করা এখন সময়ের দাবি।
রফিজুল ইসলাম বলেন, “সড়ক ও জনপথ অধিদপ্তর (আরএইচডি), সেতু বিভাগ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি), রেলওয়ে ও পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পগুলোতে মাধ্যপাড়ার পাথর ব্যবহার বাধ্যতামূলক করা উচিত। এতে শুধু বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে না, খনির টেকসই উন্নয়নও নিশ্চিত হবে।”
পরিবহন ব্যয়ের সমস্যা-
মাধ্যপাড়া খনির সবচেয়ে বড় অন্তরায় হলো পরিবহন। একসময় খনিটি থেকে ৬৫ কিলোমিটার দীর্ঘ বিশেষ রেললাইন দিয়ে পাথর পরিবহন করা হতো। কিন্তু চালুর মাত্র ছয় মাসের মধ্যেই লাইন অচল হয়ে পড়ে এবং ট্রাক পরিবহন একক কর্তৃত্ব নেয়। ২০২৩ সালের শুরুতে ৮.৮ কিলোমিটার রেললাইন চুরি হয়ে গেলে পরিস্থিতি আরও খারাপ হয়।
ফলে এখন পাথর পরিবহন পুরোপুরি ট্রাকের ওপর নির্ভরশীল, যা ব্যয় অনেক বাড়িয়ে দিচ্ছে। বর্তমানে মাধ্যপাড়া থেকে ঢাকায় প্রতি টন পরিবহন খরচ ১,২০০–১,৩০০ টাকা এবং চট্টগ্রামে ২,১০০–২,২০০ টাকা—যা রেল পরিবহনের তুলনায় অনেক বেশি।
রফিজুল ইসলাম বলেন, “যদি রেললাইন পুনরায় চালু করা যায়, তবে ঢাকায় প্রতি টনের পরিবহন খরচ ৪০০–৫০০ টাকায় এবং চট্টগ্রামে ৯০০–১,০০০ টাকায় নামিয়ে আনা সম্ভব হবে।”

