বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকার মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) কার্যালয়ে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ও ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের মধ্যে সৌজন্য বৈঠকে এ আগ্রহের কথা জানান তিনি।
বৈঠকে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই তৈরি পোশাক ও টেক্সটাইলের ওপর নির্ভরশীল। তাই একই খাতের বাইরে রপ্তানি পণ্যকে বৈচিত্রময় করা এখন সময়ের দাবি। তিনি উল্লেখ করেন, ইউরোপ, কানাডা ও যুক্তরাষ্ট্রে পুনঃব্যবহারযোগ্য নতুন ডিজাইনের পোশাকের চাহিদা দ্রুত বাড়ছে। এই বাজারে বাংলাদেশ ও পাকিস্তানের উদ্যোক্তারা একসঙ্গে কাজ করলে নতুন সুযোগ সৃষ্টি হবে।
জাম কামাল খান আরও বলেন, পূর্ব আফ্রিকা ও মধ্য এশিয়ার বাজারেও রপ্তানি বৃদ্ধির জন্য দুই দেশের যৌথভাবে কাজ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
সিমেন্ট, চিনি, চামড়া ও পাদুকা শিল্পে পাকিস্তান ভালো করছে জানিয়ে তিনি প্রস্তাব দেন, এসব খাতে বাংলাদেশ পাকিস্তান থেকে পণ্য আমদানি করতে পারে। অপরদিকে, বাংলাদেশের শক্তিশালী ওষুধ শিল্প পাকিস্তানের বাজারে বড় ভূমিকা রাখতে পারে।
কৃষি খাতেও দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে বলে মন্তব্য করেন তিনি। নতুন প্রযুক্তি ও মূল্য সংযোজনের মাধ্যমে কৃষি পণ্যের রপ্তানি বিশ্ববাজারে বাড়ানো সম্ভব বলে জানান। এ ছাড়া বাংলাদেশে শিগগির পাকিস্তানের একটি একক প্রদর্শনী (সিঙ্গেল কান্ট্রি এক্সিবিশন) আয়োজনের পরিকল্পনাও রয়েছে, যা দুই দেশের বেসরকারি খাতের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, সংস্কৃতি ও জীবনাচরণের দিক থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মানুষের মধ্যে মিল রয়েছে। বাংলাদেশে পাকিস্তানের টেক্সটাইল ও জুয়েলারি পণ্যের ভালো চাহিদা রয়েছে।
তিনি দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের মাধ্যমে বাণিজ্য সম্পর্ককে আরও শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে সরাসরি বিমান ও কার্গো যোগাযোগ চালুর ওপরও গুরুত্ব দেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের জন্য নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান, পরিচালনা পর্ষদের সদস্য ও পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তারা।

