বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, আগস্টের প্রথম ২০ দিনেই প্রবাসী আয়ে ইতিবাচক গতি এসেছে। এই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১ হাজার ৬৪২ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭ দশমিক ৪ শতাংশ বেশি। এক বছর আগে এ সময়ের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৫৩০ মিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের শুরু থেকে (জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত) প্রবাসী আয়ের মোট অঙ্ক দাঁড়িয়েছে ৪ হাজার ১২০ মিলিয়ন ডলারে। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল মাত্র ৩ হাজার ৪৪৩ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রায় ৬৭৭ মিলিয়ন ডলারের অতিরিক্ত রেমিট্যান্স এসেছে দেশে।
রেমিট্যান্স প্রবাহ বাড়ার ইতিবাচক প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও। বাংলাদেশ ব্যাংক জানায়, ২১ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুসারে এই রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।
এর আগে ১৭ আগস্ট পর্যন্ত রিজার্ভ ছিল যথাক্রমে ৩০ দশমিক ৮০ বিলিয়ন (গ্রস রিজার্ভ) এবং ২৫ দশমিক ৮০ বিলিয়ন ডলার (আইএমএফ পদ্ধতিতে)। অর্থাৎ মাত্র কয়েক দিনের ব্যবধানে রিজার্ভে যুক্ত হয়েছে প্রায় ৫০ মিলিয়ন ডলার।
বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসী আয়ের এ ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও স্বস্তিদায়ক অবস্থানে পৌঁছাবে।

