ভারতে ২০২৪-২৫ মৌসুমে তুলার উৎপাদন ও জোগান আরও বৃদ্ধি পেতে পারে। কটন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (সিএআই) আগস্ট মাসের প্রতিবেদনে জানানো হয়েছে, এই মৌসুমে মোট ৩ কোটি ১১ লাখ ৪০ হাজার বেল তুলা উৎপাদিত হতে পারে। প্রতি বেলের ওজন ৪৮০ পাউন্ড ধরা হয়েছে। জুলাই মাসেও সংস্থাটি একই পূর্বাভাস দিয়েছিল। খবর প্রকাশ করেছে ফাইবার টু ফ্যাশন।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-২৫ মৌসুমে দেশের মোট তুলার জোগান হতে পারে ৩ কোটি ৮৯ লাখ ৫৯ হাজার বেল। এটি আগের পূর্বাভাস ৩ কোটি ৮০ লাখ ৫৯ হাজার বেলের তুলনায় কিছুটা বেশি। জোগানের মধ্যে প্রারম্ভিক মজুদ ৩৯ লাখ ১৯ হাজার বেল, উৎপাদন ৩ কোটি ১১ লাখ ৪০ হাজার বেল এবং আমদানি ৩৯ লাখ বেল ধরা হয়েছে। চলতি মৌসুমে দেশের অভ্যন্তরীণ তুলার ব্যবহার ৩ কোটি ১৪ লাখ বেল হতে পারে।
সিএআই জানিয়েছে, জুলাই পর্যন্ত দেশে মোট তুলার জোগান দাঁড়িয়েছে ৩ কোটি ৭৪ লাখ ৪৩ হাজার বেল। এর মধ্যে ৩ কোটি ২ লাখ ২৪ হাজার বেল প্রক্রিয়াকরণ হয়েছে। আমদানি হয়েছে ৩৩ লাখ বেল এবং প্রারম্ভিক মজুদ ছিল ৩৯ লাখ ১৯ হাজার বেল। একই সময়ে অভ্যন্তরীণ ব্যবহারের পরিমাণ ছিল ২ কোটি ৬১ লাখ ৬৬ হাজার বেল, আর রফতানি হয়েছে ১৬ লাখ বেল।

