ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি এ বছরের এপ্রিলে বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার। তবে বিধিনিষেধ সত্ত্বেও আমদানিতে বড় ধরনের পরিবর্তন আসেনি। স্থলবন্দর বন্ধ হলেও সমুদ্রপথে সুতা আসতে শুরু করায় সরবরাহে তেমন ঘাটতি হয়নি।
জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যমতে, স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ হওয়ার আগে তিন মাসে ভারত থেকে যত সুতা এসেছিল, তার চেয়ে পরের তিন মাসে কম এসেছে মাত্র ২ লাখ ৩০ হাজার কেজি। আগে প্রতি মাসে গড়ে ৫ কোটি কেজি সুতা আসত। স্থলবন্দর বন্ধের পর মে ও জুনে গড়ে এসেছে ৪ কোটি কেজি। তবে জুলাই মাসে আমদানি আবার বেড়ে ৫ কোটি কেজির ওপরে পৌঁছায়।
বস্ত্রকল মালিকদের অভিযোগ, স্থলবন্দরে তদারকির অভাবে ঘোষণার বাইরে বেশি সুতা আসত। এমনকি ৩০ কাউন্টের সুতার চালানে লুকিয়ে আনা হতো ৮০ কাউন্ট সুতা। এসব সুতা বন্ড সুবিধায় কম দামে বাজারে ছাড়ায় দেশি সুতাকলগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। বিধিনিষেধের পর মিথ্যা ঘোষণার সুযোগ কমেছে, ফলে দেশি সুতার চাহিদা বেড়েছে। তবে তাঁরা মনে করেন, অনিয়ম পুরোপুরি ঠেকাতে চট্টগ্রাম বন্দরে সুতার কাউন্ট পরীক্ষা কড়াকড়ি করতে হবে।
বাণিজ্য মন্ত্রণালয় চলতি বছরের মার্চের শেষে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নেয়। এর পর ১৫ এপ্রিল বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি সুবিধা বাতিলের প্রজ্ঞাপন জারি করে এনবিআর। বস্ত্র খাতের ব্যবসায়ীরা অভিযোগ করেছিলেন, ভারত থেকে মিথ্যা ঘোষণায় দামি সুতা কম দামে আসছে। তারই পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ সিদ্ধান্ত নেওয়ার এক সপ্তাহ আগে, ৯ এপ্রিল ভারতও ট্রান্সশিপমেন্টের মাধ্যমে তাদের বন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে পাঠানোর সুযোগ প্রত্যাহার করে। এরপর ১৭ মে ও ২৭ জুন দুই দফায় ভারত পোশাক, খাদ্যপণ্য, পাটপণ্য, তুলা-সুতার বর্জ্য, প্লাস্টিক সামগ্রী ও কাঠের আসবাব রপ্তানিতে বিধিনিষেধ দেয়। সর্বশেষ ১১ আগস্ট আরও কিছু পাটপণ্যে রপ্তানি সীমাবদ্ধ করে দেশটি। একজন ব্যবসায়ী নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, বাংলাদেশ সুতা আমদানিতে বিধিনিষেধ দেওয়ার পরপরই ভারত পাল্টা পদক্ষেপ হিসেবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয়।
তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অবস্থানে থাকা বাংলাদেশে ৫০০টির বেশি স্পিনিং মিল রয়েছে। তবু দেশকে প্রতিবছর বিপুল পরিমাণ সুতা আমদানি করতে হয়, যার প্রায় অর্ধেকই আসে ভারত থেকে। এরপর সর্বাধিক আসে চীন থেকে। এনবিআরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭২ কোটি কেজি সুতা আমদানি হয়েছে, এতে ব্যয় হয়েছে ২২০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে ভারত থেকে এসেছে ৩৪ কোটি কেজি বা ৪৭ শতাংশ, চীন থেকে এসেছে ২৭ কোটি ৬১ লাখ কেজি বা ৩৮ শতাংশ।
মাসভিত্তিক হিসাবে দেখা যায়, জানুয়ারিতে ৫ কোটি ৫১ লাখ কেজি, ফেব্রুয়ারিতে ৫ কোটি ২১ লাখ এবং মার্চে ৫ কোটি ১৩ লাখ কেজি সুতা আমদানি হয় ভারত থেকে। এপ্রিলে তা নেমে আসে ৪ কোটি ৫৭ লাখ কেজিতে। মে ও জুনে আসে যথাক্রমে ৪ কোটি ১৫ লাখ এবং ৪ কোটি ৫ লাখ কেজি। তবে জুলাইয়ে আবার বেড়ে দাঁড়ায় ৫ কোটি ৩৪ লাখ কেজিতে। ভারতের কর্ণাটক, তামিলনাড়ু ও গুজরাট থেকে বাংলাদেশে সুতা আসে। আগে বেনাপোল সীমান্তের কাছে মজুত রেখে দ্রুত সরবরাহ করা হতো। এখন সমুদ্রপথে আনতে ২০-২৫ দিন সময় লাগে। যদিও খরচ তুলনামূলক কম পড়ে।
বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর পরিচালক খোরশেদ আলম বলেন, “আমরা ভারত থেকে সুতা আমদানি বন্ধ চাই না। শুধু মিথ্যা ঘোষণায় বেশি কাউন্টের সুতা আসা বন্ধ করতে চেয়েছি। এখন সেই সুতা আর বাজারে পাওয়া যাচ্ছে না। এতে দেশি স্পিনিং মিলের বিক্রি বেড়েছে।” তবে সুতা আমদানি কেন কমেনি, এমন প্রশ্নে তিনি জানান, ভারতের ব্যবসায়ীরা রপ্তানিতে নগদ সহায়তা পান। তাই তাঁরা বাংলাদেশের তুলনায় কম দামে দিতে পারেন।
বিটিএমএর তথ্য অনুযায়ী, দেশে ৫১৯টি স্পিনিং মিল রয়েছে। এসব মিল নিট কাপড়ের ৮৫-৯০ শতাংশ এবং ওভেন কাপড়ের প্রায় ৪০ শতাংশ সুতা সরবরাহ করে। তবে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে। দীর্ঘ সময় গ্যাস–সংকটও ছিল। নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “স্থলবন্দর বন্ধ হওয়ায় আমদানি ধীর হয়েছে, এতে প্রতিযোগিতা সক্ষমতা কমছে। আসল সমস্যা হলো দাম। ভারতের সুতা কেজিতে ২০-৩০ সেন্ট সস্তা। গত বছর সরকার দেশি সুতা ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানিতে নগদ সহায়তা কমানোয় ব্যবধান আরও বেড়েছে।”
তিনি উদাহরণ টেনে বলেন, “আমার প্রতিষ্ঠানের একটি ক্রয়াদেশের জন্য ভারত থেকে যে সুতা ২ ডলার ১২ সেন্টে এনেছি, সেটি বাংলাদেশ থেকে কিনতে ২ ডলার ৬৫ সেন্ট লেগেছে। তাই বস্ত্রখাত শক্তিশালী করতে হলে তৈরি পোশাক খাতের স্বার্থও বিবেচনায় নিতে হবে।” তাঁর অভিযোগ, স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত শুধু বস্ত্রকল–মালিকদের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছে।

