Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে নতুন কমিশন গঠন
    অর্থনীতি

    পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে নতুন কমিশন গঠন

    মনিরুজ্জামানআগস্ট 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রায় দেড় দশক অচল থাকা বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন আবার কার্যকর করা হবে। এ তথ্য জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

    গত বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। উপদেষ্টা বলেন, পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিবছর ৮০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে, এর মধ্যে ১৫ বিলিয়ন ডলার খাদ্য ও মধ্যবর্তী পণ্য। এসব বাণিজ্য বাড়ানোর সুযোগ আছে। সে লক্ষ্যেই নতুন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকে কৃষি, খাদ্যপণ্য ও ফল আমদানি-রপ্তানি নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের সহায়তায় দেশে চিনি উৎপাদন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি মধ্যবর্তী পণ্য উৎপাদনে পাকিস্তানের বিনিয়োগ চাওয়া হয়েছে।

    তিনি জানান, পাকিস্তান সব প্রস্তাব ইতিবাচকভাবে দেখেছে। নতুন কমিশনের আলোচনায় এসব অগ্রাধিকার পাবে। যৌথভাবে বা বিদেশি বিনিয়োগে মধ্যবর্তী পণ্য উৎপাদন হলে দুই দেশই লাভবান হবে। বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানির ক্ষেত্রে হাইড্রোজেন পার অক্সাইডে আরোপিত অ্যান্টি ডাম্পিং ডিউটি প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে। পাকিস্তান এ বিষয়ে আশ্বাস দিয়েছে। পাশাপাশি চামড়া ও চিনিশিল্প উন্নয়নে সহযোগিতা চাওয়া হয়েছে।

    শেখ বশিরউদ্দীন বলেন, একসময় পাকিস্তান প্রতি বছর ১ কোটি কেজি চা রপ্তানিতে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দিত। এ সুবিধা পুনর্বহালের অনুরোধ করা হলে তারা প্রতিশ্রুতি দিয়েছে। ভারতের সঙ্গে বৈরিতা বাড়বে কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, “আমার কাজ বাণিজ্যে সক্ষমতা তৈরি করা। বিদেশনীতি বিষয় পররাষ্ট্র উপদেষ্টার। আমরা দেশের স্বার্থে যার সঙ্গে বাণিজ্য করা প্রয়োজন, সেখানেই করব।”

    তিনি আরো বলেন, “বাংলাদেশ সবার দিকেই ঝুঁকছে। পাকিস্তান, যুক্তরাষ্ট্রের দিকেও ঝুঁকছি, ভারত থেকেও পেঁয়াজ আনছি। সবকিছুর কেন্দ্র বাংলাদেশের স্বার্থ।” মুক্তিযুদ্ধের সময়কার দেনা-পাওনা নিয়ে আলোচনা হয়নি জানিয়ে উপদেষ্টা বলেন, “এটি বাণিজ্যের বিষয় নয়।”

    বাণিজ্য সচিব মাহবুবর রহমান বলেন, দীর্ঘ দেড় দশক পাকিস্তানের সঙ্গে বাণিজ্য প্রায় বন্ধ ছিল। খাদ্য ও পাথরসহ অনেক পণ্য নানা দেশ থেকে আমদানি হয়। প্রতিযোগিতামূলক দরে পাকিস্তান থেকে আনা গেলে তা লাভজনক হবে। তবে আমদানির চেয়ে রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে আমদানি অনেক বেশি, রপ্তানি তুলনামূলক কম। তথ্য অনুযায়ী, গত অর্থবছরে বাংলাদেশ পাকিস্তান থেকে আমদানি করেছে ৭৮৭ মিলিয়ন ডলারের পণ্য, আর রপ্তানি করেছে মাত্র ৭৮ মিলিয়ন ডলার।

    একই দিন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে দেখা করেন। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় থেকে করাচি বন্দর থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে আসছে। এতে সময় ও খরচ কমেছে। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীও সহযোগিতা বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন। মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গেও বৈঠক করেন পাকিস্তানের মন্ত্রী। শিল্প উন্নয়ন, পারস্পরিক স্বার্থ ও বিএসটিআই এবং পাকিস্তান হালাল অথরিটির মধ্যে সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে আলোচনা হয়।

    ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের সঙ্গেও তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। তাসকীন আহমেদ বলেন, সাংস্কৃতিক মিলের কারণে পাকিস্তানের টেক্সটাইল ও জুয়েলারি পণ্যের চাহিদা বাংলাদেশে বেশি। সরাসরি বিমান ও কার্গো যোগাযোগ চালু হলে ব্যবসায়িক সম্পর্ক বাড়বে। জাম কামাল খান বলেন, বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই রপ্তানিতে টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল। রপ্তানির বৈচিত্র্য আনা জরুরি। ইউরোপ, কানাডা ও যুক্তরাষ্ট্রে পোশাক পুনর্ব্যবহারের জনপ্রিয়তা বাড়ছে। এতে দুই দেশের উদ্যোক্তাদের মনোযোগ দেওয়া উচিত।

    তিনি জানান, সিমেন্ট, চিনি, পাদুকা ও চামড়ায় পাকিস্তান এগিয়ে আছে। বাংলাদেশ চাইলে এসব আমদানি করতে পারে। অন্যদিকে ওষুধ খাতে বাংলাদেশের অভিজ্ঞতা পাকিস্তানের কাজে লাগতে পারে। শিগগিরই বাংলাদেশে পাকিস্তানের একক প্রদর্শনী আয়োজন করা হবে, যাতে বেসরকারি খাতের সম্পর্ক জোরদার হয়।

    বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ সফরে চারটি সমঝোতা স্মারক সই হবে। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধি ছাড়াও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি চট্টগ্রাম বন্দর, একটি ওষুধ শিল্প প্রতিষ্ঠান ও একটি ইস্পাত কারখানা পরিদর্শন করবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.