যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল বাজেট অফিস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কল্যাণে আগামী দশকে দেশের আর্থিক ঘাটতি প্রায় চার ট্রিলিয়ন বা চার লাখ কোটি ডলার কমতে পারে। শুল্ক রাজস্বের কারণে করছাড়ের প্রভাব কিছুটা প্রশমিত হবে।
সিবিও শুক্রবার জানিয়েছে, বাড়তি শুল্কের কারণে ২০৩৫ সাল পর্যন্ত প্রাথমিক ঘাটতি ৩ দশমিক ৩ ট্রিলিয়ন বা ৩ লাখ ৩০ হাজার কোটি ডলার কমবে। এর সঙ্গে সুদ প্রদানের দায় কমার ফলে মোট ঘাটতি কমবে চার ট্রিলিয়ন বা চার লাখ কোটি ডলার। এই হিসাব আগের পূর্বাভাসের তুলনায় এক-তৃতীয়াংশ বেশি। জানুয়ারি থেকে মে পর্যন্ত ঘোষিত শুল্কনীতির ভিত্তিতে পূর্বে বলা হয়েছিল ঘাটতি তিন ট্রিলিয়ন বা তিন লাখ কোটি ডলার কমতে পারে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘এ হিসাব প্রমাণ করে আমি সঠিক ছিলাম। শুল্ক রাজস্বের কারণে ঘাটতি অনেক কমে যাবে। এটি আগে কখনো দেখা যায়নি।’ তার প্রিয় আইন ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ অনুযায়ী, ভবিষ্যতে সরকারি ঋণ ৪ দশমিক ১ ট্রিলিয়ন বা ৪ লাখ ১০ হাজার কোটি ডলার বাড়বে। তবে শুল্ক রাজস্বের কল্যাণে ঋণের প্রভাব কিছুটা প্রশমিত হবে।
যুক্তরাষ্ট্রের ঋণ–জিডিপির অনুপাত ইতিমধ্যে ১০০ শতাংশ ছাড়িয়েছে। এটি ট্রেজারি বন্ডের আকর্ষণ কমিয়েছে। অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, শুল্ক প্রবৃদ্ধির ওপর চাপ সৃষ্টি করতে পারে। সিবিওর হিসাব অর্থনীতির ছোট হওয়ার প্রভাব প্রতিফলিত করেনি। বিশ্লেষকরা উল্লেখ করছেন, এই হিসাবের সঙ্গে বড় ধরনের অনিশ্চয়তা যুক্ত। সময়, সম্ভাব্য ছাড় ও নজিরবিহীন অবস্থার কারণে ভবিষ্যদ্বাণী কঠিন। তবু এটি ট্রাম্প প্রশাসনের জন্য ইতিবাচক বার্তা। শুল্ক রাজস্বের কারণে সরকার সহজে ব্যয়ের চাপ সামলাতে পারবে।
অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, চলতি বছর শুল্ক রাজস্ব আগের ধারণার তুলনায় অনেক বেশি হবে। তিনি সিএনবিসিকে বলেন, ‘ঘাটতি কমিয়ে ঋণ পরিশোধ শুরু করা সম্ভব হবে। এরপর রাজস্ব জনগণের জন্য কাজে লাগবে।’ সিবিওর হিসাব অনুযায়ী, কেবল এ বছরেই শুল্ক রাজস্ব আসবে প্রায় ২০০ বিলিয়ন বা ২০ হাজার কোটি ডলার। এটি গত পাঁচ বছরের গড় ৮০ বিলিয়ন বা ৮ হাজার কোটি ডলারের তুলনায় অনেক বেশি।
বেসেন্টের পূর্বাভাসে বছরের শেষে শুল্ক আয়ের পরিমাণ ৩০০ বিলিয়ন বা ৩০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। কংগ্রেসনাল বাজেট অফিসের অনুমান, আগামী ১০ বছরে শুল্ক থেকে আয় হবে প্রায় ২ দশমিক ৮ ট্রিলিয়ন বা ২ লাখ ৮০ হাজার কোটি ডলার। তবে বেসেন্ট মনে করেন, এটি রক্ষণশীল হিসাব।
এসঅ্যান্ডপি গ্লোবাল জানিয়েছে, শুল্ক রাজস্বের কারণে যুক্তরাষ্ট্রের ঋণের মান অপরিবর্তিত রাখা হয়েছে। কর ছাড়ের চাপ রয়ে গেলেও শুল্ক রাজস্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফিচও শুল্ক রাজস্ব বৃদ্ধিকে ঋণের মান ধরে রাখার কারণ হিসেবে দেখেছে। তবে তারা সতর্ক করেছে, ২০২৬ ও ২০২৭ সালে ঘাটতি আবার বাড়বে।
কিছু বিশ্লেষক মনে করছেন, শুল্কের প্রভাব দীর্ঘমেয়াদে অতিরঞ্জিত হতে পারে। মর্নিংস্টারের ব্যবস্থাপনা পরিচালক টমাস টরগারসন বলেন, রাজস্ব বৃদ্ধি সাময়িক প্রণোদনার মতো কাজ করবে। ভবিষ্যতে একই অঙ্কের রাজস্ব পাওয়ার নিশ্চয়তা নেই। টমাস সতর্ক করেছেন, একবার শুল্কহার স্থিতিশীল হলে রপ্তানিকারকরা অন্য বাজারের দিকে ঝুঁকবেন। তখন মধ্যমেয়াদে শুল্ক রাজস্ব কমে আসবে।

