নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে দীর্ঘ সময় পর ফিরেছেন জাতীয় দলের টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান ও উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।
টাইগারদের নেতৃত্বে থাকবেন লিটন দাস। তবে স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার সুযোগ পাননি। স্ট্যান্ডবাই তালিকায় আছেন তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।
সোহান বাংলাদেশের হয়ে শেষবার টি-টোয়েন্টি খেলেছেন ২০২২ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ায়। সাইফ জাতীয় দলের জার্সিতে খেলেছেন ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে, যদিও তা ছিল দ্বিতীয় সারির দল। মূল দলের হয়ে তিনি শেষবার খেলেছিলেন ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে।
বাংলাদেশের ব্যাটিং লাইনআপে লিটন, সাইফ ও সোহানের সঙ্গে আছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামিম হোসেন ও জাকের আলী অনিক। বোলিং আক্রমণে রয়েছেন রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। অলরাউন্ডার হিসেবে থাকবেন শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু হবে ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর। এরপর ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ‘বি’ গ্রুপে রয়েছে এবং তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। টাইগাররা ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে।
বাংলাদেশ দলের স্কোয়াড (নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপ): লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
স্ট্যান্ডবাই (শুধু এশিয়া কাপের জন্য): সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

