বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, সরাসরি জাহাজ চলাচল এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দিয়েছেন পাকিস্তানের ফেডারেল বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।
গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন। সন্ধ্যায় বন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীনও বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বন্দরের সামগ্রিক অবস্থা, পরিচালনা পর্ষদ, কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং, শ্রম ব্যবস্থাপনা, বিদেশি বিনিয়োগ, অটোমেশনসহ উন্নয়ন সূচক সম্পর্কে জানতে চাইলে চবক কর্মকর্তারা তাকে বিস্তারিত অবহিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানি মন্ত্রী বন্দরের সামগ্রিক অগ্রগতি ও উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন। তিনি বিদেশি বিনিয়োগের বিষয়েও বলেন, করাচি পোর্ট ট্রাস্টে হাচিসন পোর্ট গ্রুপ একটি কনটেইনার টার্মিনাল এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি পোর্ট (এডি পোর্ট) একটি বাল্ক টার্মিনাল পরিচালনা করছে। এছাড়া, পোর্ট কাশিমে ডিপি ওয়ার্ল্ড দীর্ঘ মেয়াদি চুক্তির ভিত্তিতে একটি টার্মিনাল পরিচালনা করছে।
চবক চেয়ারম্যান মনিরুজ্জামান বৈঠকে বন্দরের সাম্প্রতিক সাফল্য তুলে ধরেন। এর মধ্যে রয়েছে গত বছরের রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং, জাহাজের ওয়েটিং টাইম শূন্য থেকে দুই দিনে নামানো, টার্নঅ্যারাউন্ড টাইম কমানো এবং চলমান অটোমেশন ও ডিজিটালাইজেশন উদ্যোগ।
বৈঠক শেষে পাকিস্তানি প্রতিনিধি দল বন্দরের কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখে। প্রতিনিধি দলে ছিলেন পাকিস্তান হাইকমিশনের বাণিজ্য ও বিনিয়োগ দূত জেইন আজিজ এবং বাণিজ্যিক সহকারী ওয়াকাস ইয়াসিন। বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. নাজনিন কাউসার চৌধুরী, বে-টার্মিনালের প্রকল্প পরিচালক কমডোর মাহফুজুর রহমান এবং সিপিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

