বাংলাদেশের পুঁজিবাজারে গত সপ্তাহে মিশ্র প্রবণতা দেখা গেছে। সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে সূচক বাড়লেও শেষ তিন কার্যদিবসে কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স সপ্তাহের শেষে ০.৪৬ শতাংশ বেড়েছে। তবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও টেলিযোগাযোগ খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন ছিল। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের ৫ হাজার ৩৫০ পয়েন্ট থেকে বেড়ে ৫ হাজার ৩৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ ২ হাজার ৭৪ পয়েন্ট থেকে বেড়ে ২ হাজার ৮৯ পয়েন্টে উঠেছে। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ১ হাজার ১৬৩ পয়েন্ট থেকে বেড়ে ১ হাজার ১৮০ পয়েন্টে পৌঁছেছে।
গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডে লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪১টির, কমেছে ১২৯টির ও অপরিবর্তিত ছিল ২৪টির। ১৯টির লেনদেন হয়নি। সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে বেক্সিমকো ফার্মা, বীকন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, কোহিনূর কেমিক্যালস ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের শেয়ার। ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৪ হাজার ৫৩৫ কোটি ৬৯ লাখ টাকা, আগের সপ্তাহের ৩ হাজার ৪৪৫ কোটি ৯৪ লাখ টাকার তুলনায়। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৩১.৬২ শতাংশ।
খাতভিত্তিক লেনদেনে ওষুধ ও রসায়ন খাত শীর্ষে ছিল। লেনদেনের ১৮.৬১ শতাংশ দখল করেছে এই খাত। দ্বিতীয় অবস্থানে ব্যাংক খাত ১১.৬৭ শতাংশ লেনদেন নিয়ে। বস্ত্র খাত ১১.৫২ শতাংশ লেনদেনে তৃতীয়, প্রাকৌশল খাত ৮.৯৪ শতাংশ লেনদেনে চতুর্থ এবং খাদ্য ও আনুষঙ্গিক খাত ৮.৫৯ শতাংশ লেনদেনে পঞ্চম অবস্থানে রয়েছে। গত সপ্তাহে ব্যাংক খাতে ২.১৮ শতাংশ, আর্থিক প্রতিষ্ঠান খাতে ১.৫৮ শতাংশ ও টেলিযোগাযোগ খাতে ১.৪৫ শতাংশ নেতিবাচক রিটার্ন দেখা গেছে। এছাড়া মিউচুয়াল ফান্ড, বিবিধ, করপোরেট বন্ড, খাদ্য ও আনুষঙ্গিক এবং সিমেন্ট খাতেও নেতিবাচক রিটার্ন ছিল। অন্যদিকে কাগজ ও মুদ্রণ খাতে ৯.৪৯ শতাংশ, পাট খাতে ৭.২৬ শতাংশ এবং তথ্য ও প্রযুক্তি খাতে ৬.৪৫ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে।
চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ০.৩৫ শতাংশ বেড়ে ১৫ হাজার ২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে এটি ছিল ১৪ হাজার ৯৭৩ পয়েন্ট। সিএসসিএক্স সূচক দশমিক ০.৩০ শতাংশ বেড়ে ৯ হাজার ২১৮ পয়েন্টে ওঠেছে, আগের সপ্তাহে যা ছিল ৯ হাজার ১৯১ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৬৮ কোটি ৮৮ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ৭৫ কোটি ৭৮ লাখ টাকা। লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ১১০টির এবং ১৬টির বাজারদর অপরিবর্তিত ছিল।

