বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের ‘টেকসই ব্যাংক রেটিংয়ে’ যমুনা ব্যাংক শীর্ষ ১০ তালিকায় স্থান অর্জন করেছে। এটি যমুনা ব্যাংকের টানা তৃতীয়বার শীর্ষ ব্যাংকের তালিকায় থাকা বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যমুনা ব্যাংক টেকসই ও পরিবেশবান্ধব অর্থায়ন, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি, বিস্তৃত সেবা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বহুমুখী সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এই সম্মান অর্জন করেছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক আয়োজিত সাসটেইনেবিলিটি রেটিং রিকগনিশন অনুষ্ঠানে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদের হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন্নাহার, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী, যমুনা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ প্রসান্ত সামি এবং অন্যান্য অতিথিরা। কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা ইলিয়াস বলেন, ‘যমুনা ব্যাংকের টেকসই ও পরিবেশবান্ধব উদ্যোগগুলো শুধু সামাজিক দায়বদ্ধতার নিদর্শন নয়। এগুলো আমাদের আর্থিক ভিত্তি শক্তিশালী করার জন্যও সুপরিকল্পিত কৌশল। এই রেটিং আমাদের দায়িত্বশীল ও ভবিষ্যৎমুখী ব্যাংকিংয়ের প্রতিফলন।’

