দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের কনটেইনার ধারণক্ষমতা ১০ শতাংশ বৃদ্ধি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিবিএ)। এতে বন্দরের ইয়ার্ডে কনটেইনার রাখার সক্ষমতা ৫৩ হাজার ৫১৮ টিইইউএস থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজারে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, গত ১৯ আগস্ট এই তথ্য হালনাগাদ করা হয়েছে। তাদের মতে, নতুন এই পদক্ষেপের লক্ষ্য বন্দরে জট কমানো এবং বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল করা। সিবিএর সচিব মো. ওমর ফারুক বলেন, “বন্দরকে আরো ব্যবসাবান্ধব করা এবং ব্যবসায়ীদের সর্বোচ্চ সেবা দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ধারণক্ষমতা বাড়ায় বন্দরে আর কনটেইনার জট হবে না। সাম্প্রতিক মাসগুলোতে বন্দরের পরিচালন দক্ষতা ও সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।”
ধারণক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে নতুন কয়েকটি ইয়ার্ড নির্মাণ ও পুরোনো স্থাপনা সংস্কার করা হয়েছে। এর মধ্যে রয়েছে পুরোনো নিলাম ইয়ার্ড, গাড়ি রাখার স্থান, ব্যাগেজ শেড এবং এক্স-ওয়াই শেডের উন্নয়ন। এসবের ফলে বন্দরের কনটেইনার ব্যবস্থাপনা সক্ষমতা বেড়েছে।
চলতি বছরের শেষ নাগাদ ধারণক্ষমতা প্রায় ৬২ হাজার টিইইউএসে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে বন্দর কর্তৃপক্ষের। বর্তমানে চট্টগ্রাম বন্দর প্রতিবন্ধকতা ছাড়াই ৪৭-৪৮ হাজার টিইইউএস কনটেইনার ব্যবস্থাপনা করছে। দৈনিক গড়ে ১০টির পরিবর্তে এখন ১২-১৩টি কনটেইনার জাহাজ হ্যান্ডলিং করা হচ্ছে। এতে আমদানি-রপ্তানি উভয় ক্ষেত্রেই পণ্য ডেলিভারির সময় কমেছে। বিশেষ করে রপ্তানির লিড টাইম কমে এসেছে।
সিবিএ কর্মকর্তারা জানান, ইয়ার্ডের ধারণক্ষমতা বাড়ার ফলে রপ্তানিমুখী প্রায় ৬ হাজার টিইইউএস কনটেইনারের জন্য প্রি-স্ট্যাকিং সুবিধা তৈরি হয়েছে। তবে কিছু চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। লোকোমোটিভের স্বল্পতার কারণে রেল পরিবহনে বিলম্ব হচ্ছে। এতে ঢাকা আইসিডিতে পণ্য পরিবহনে চাপ বেড়েছে। অন্যদিকে নিলামযোগ্য প্রায় ১০ হাজার কনটেইনার এবং ঢাকা আইসিডিগামী আরও ২ হাজার কনটেইনার এখনো ক্লিয়ারেন্সের অপেক্ষায় রয়েছে।
এসব চাপ সত্ত্বেও বন্দরের কার্যক্রম স্থিতিশীল রয়েছে বলে কর্মকর্তারা দাবি করেন। বর্তমানে জাহাজগুলোর টার্নঅ্যারাউন্ড টাইম কমে ২.৫৮ দিনে দাঁড়িয়েছে। বহির্নোঙরে অপেক্ষার সময়ও নেমে এসেছে দুই দিনে। গত বৃহস্পতিবার পর্যন্ত মাত্র চারটি কনটেইনার জাহাজ ও একটি সাধারণ কার্গো জাহাজ বার্থের জন্য অপেক্ষায় ছিল। সিবিএর তথ্যমতে,গত শুক্রবার চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে ৪৪ হাজার ১৩৩ টিইইউএস কনটেইনার ছিল।

