নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণ-আরএফএল গ্রুপ লিফট তৈরি করছে ২০১৮ সাল থেকে। ‘প্রোপার্টি লিফট’ নামে বাজারজাত করা এসব লিফট বহুতল ভবনের সংখ্যা বৃদ্ধির সঙ্গে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। গত সাত বছরে এর বিক্রি প্রায় ছয় গুণ বেড়েছে।
লিফট খাতের তথ্য অনুযায়ী, প্রতিবছর দেশে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার লিফট বিক্রি হয়। এই বাজারের আকার প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা। বার্ষিক প্রবৃদ্ধি হচ্ছে ৫ থেকে ১০ শতাংশ। তবে চাহিদার বড় অংশ এখনো আমদানিনির্ভর। দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন ও প্রাণ-আরএফএল বর্তমানে ২০-২৫ শতাংশ লিফট তৈরি করছে, যা আমদানি নির্ভরতা কমাচ্ছে।

ডাঙ্গায় শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত প্রাণ-আরএফএলের লিফট কারখানার আয়তন প্রায় এক লাখ বর্গফুট। গতকাল শনিবার সাংবাদিকদের কারখানা পরিদর্শনের সময় আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল এবং প্রোপার্টি লিফটসের প্রধান পরিচালন কর্মকর্তা মঈনুল ইসলাম উৎপাদন ও বাজার নিয়ে নানা তথ্য তুলে ধরেন।
প্রাণ-আরএফএল গ্রুপ লিফট ব্যবসায় যুক্ত হয় ১৯৮৮ সালে আমদানি দিয়ে। ২০১৮ সালে নিজস্ব কারখানায় লিফট উৎপাদন শুরু করে। বর্তমানে প্রোপার্টি লিফট কারখানায় সাত ধরনের লিফট তৈরি হচ্ছে—প্যাসেঞ্জার, কার্গো, হাসপাতাল, হোম, ক্যাপসুল, হাইড্রোলিক ও সিজার।
লিফট তৈরিতে কাঁচামালের মধ্যে মোটর, দড়ি ও কন্ট্রোলার আমদানি করতে হয়। তবে যন্ত্রাংশের বড় অংশ দেশেই তৈরি হয়। বর্তমানে ৪০ শতাংশের বেশি মূল্য সংযোজন করছে প্রতিষ্ঠানটি। এ পর্যন্ত এ খাতে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। কারখানায় কর্মরত আছেন ২১০ জন, আর সারাদেশে স্থাপন ও সার্ভিসিংয়ে যুক্ত আছেন এক হাজারের বেশি কর্মী।
প্রোপার্টি লিফটসের সিওও মঈনুল ইসলাম জানান, নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাঁদের লিফটে আন্তর্জাতিক মানের সুরক্ষা ব্যবস্থা রয়েছে। বৈদ্যুতিক ও যান্ত্রিক দুই ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। দড়ি ছিঁড়ে গেলে লিফট নিয়ন্ত্রণে থাকে ‘অটো রেসকিউ ডিভাইস’ (এআরডি) যুক্ত থাকার কারণে। এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আধুনিক মোটর ব্যবহার করা হয়।

২০১৮ সালে প্রথম বছর মাত্র ৫৫টি লিফট বিক্রি করেছিল প্রোপার্টি লিফট। ২০২৪ সালে এ সংখ্যা দাঁড়ায় ৩২৯টিতে। বর্তমানে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র, কোরীয় ইপিজেড, বে অর্থনৈতিক অঞ্চলসহ সরকারি-বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠানে ব্যবহার হচ্ছে প্রোপার্টি লিফট। প্রতি মাসে কারখানার সক্ষমতা ২৭০টি লিফট তৈরির হলেও বর্তমানে গড়ে ১০০টি তৈরি হচ্ছে। ধারণক্ষমতা ৩০০ কেজি থেকে ১০ হাজার কেজি পর্যন্ত। দামের সীমা ১৫ লাখ টাকা থেকে এক কোটি টাকা। দেশে আমদানিকৃত লিফটে প্রায় ৪৬ শতাংশ শুল্ক থাকায় সমমানের লিফটের তুলনায় দেশীয় লিফট ৫ থেকে ৭ লাখ টাকা সাশ্রয়ী।
দেশীয় বাজার ছাড়াও রপ্তানির দিকে নজর দিচ্ছে প্রাণ-আরএফএল। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, আগামী বছর থেকে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কিছু দেশে রপ্তানি শুরু হবে।
আরএন পাল বলেন, “আমরা যদি আরও বেশি মূল্য সংযোজন করতে পারি, তাহলে দাম কমবে এবং ব্যবহারও বাড়বে। তবে স্থানীয় লিফটের ব্যবহার বাড়াতে সরকারের নীতি সহায়তা দরকার। সরকারি প্রকল্পে দেশীয় লিফট ব্যবহারের উদ্যোগ নিলে বাজারে দেশীয় কোম্পানির অবস্থান আরও শক্ত হবে।”

