চট্টগ্রাম বন্দর থেকে রেলপথে কনটেইনার পরিবহন শুরু হয়েছে প্রায় চার দশক আগে। কিন্তু দীর্ঘ সময়েও এ সেবায় কার্যকর কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি। পণ্য আটকে থাকায় ব্যবসায়ীরা প্রায়ই লোকসান গুনতে বাধ্য হন। অভিযোগ আছে, চট্টগ্রাম বন্দর চাইলেও রেলওয়ে পর্যাপ্ত সুবিধা না দেয়ায় কনটেইনার পরিবহন প্রায় স্থবির।
দেশের শিল্প ও আমদানি-রফতানি বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর। ১৯৮৬-৮৭ অর্থবছরে বন্দর থেকে ঢাকার কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) পর্যন্ত রেলপথে কনটেইনার পরিবহন শুরু হয়। ২০০০-০১ অর্থবছরে উভয়পথে কনটেইনার পরিবহন হয় ৫২ হাজার ৭৩৭টি। কয়েক বছরের মধ্যে এটি বেড়ে ২০০৫-০৬ অর্থবছরে দাঁড়ায় ৮১ হাজার ২৭০টিতে। তবে চট্টগ্রাম বন্দরের পণ্য আমদানি-রফতানি প্রতি বছর ৮-১০ শতাংশ বৃদ্ধি পেলেও রেলপথে কনটেইনার পরিবহন বেড়েছে কম। ফলে ব্যবসায়ীদের বিকল্প পথে পণ্য পরিবহনে খরচ বাড়ছে।
ইস্পাত পণ্য আমদানিকারক জাহেদুল ইসলাম সোহান বলেন, ‘আমাদের ইস্পাত পণ্যের কনটেইনার প্রায় এক মাস ধরে বন্দরে আটকে আছে। প্রতিটি কনটেইনারের জন্য দিনে ২৪ ডলার জরিমানা দিতে হচ্ছে। রেলপথে পণ্য পরিবহন করতে না পারায় বিক্রিতে বড় ধরনের লোকসান গুনতে হবে।’
খাত সংশ্লিষ্টরা বলছেন, বন্দর থেকে রেলপথে কনটেইনার পরিবহন করলে খরচ কমে। পণ্যের ঝুঁকিও কম থাকে। তাই অনেক ব্যবসায়ী ঢাকার কমলাপুর আইসিডিতে শুল্কায়ন সুবিধা অনুযায়ী পণ্য আমদানি করেন। কিন্তু রেলের ইঞ্জিন স্বল্পতা ও অন্যান্য কারণে সময়মতো পণ্য সরবরাহ সম্ভব হয় না। এ কারণে বন্দরে পণ্য আটকে থাকে। খালাসের চারদিন পর থেকেই ব্যবসায়ীরা জরিমানা দিতে বাধ্য হন।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘রেলের ইঞ্জিন সমস্যার কারণে কনটেইনার জট হয়। ঢাকার দিকের আমদানিকারকরা ১৫-২০ দিনের পণ্য পেতে বিলম্বিত হয়। আমাদের চাওয়া রেলওয়ে দ্রুত ইঞ্জিন সক্ষমতা বাড়াক। কমলাপুর কনটেইনার ইয়ার্ডের মেইনটেন্যান্স পুরোপুরি রেলওয়ের দায়িত্ব, কিন্তু তারা তা করছে না। আমাদের অর্থায়নে রক্ষণাবেক্ষণ চালাতে হচ্ছে।’ রেলের পরিসংখ্যান বই ২০২০ অনুযায়ী, ২০০৭-০৮ অর্থবছরে ৮১ হাজার ৯৩০ কনটেইনার পরিবহন হয়। ২০১৯-২০ অর্থবছরে তা মাত্র ৮৭ হাজার ৪৭৯টিতে পৌঁছায়। বন্দরে প্রতি বছর গড়ে ৫ শতাংশ কনটেইনার হ্যান্ডলিং বাড়লেও রেলপথে পরিবহন বৃদ্ধি খুব কম। নতুন রেলপথ ও ট্রেন সার্ভিস চালু করা হলেও গত দুই দশকে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। ব্যবসায়ীরা তাই বিকল্প পথে পণ্য পরিবহনে বাধ্য।
প্রতি মাসে চট্টগ্রাম ও ঢাকার কমলাপুর আইসিডিতে গড়ে ১৮০টি ট্রেন চলাচলের প্রয়োজন। প্রতিদিন চট্টগ্রাম থেকে তিনটি ও ঢাকা থেকে তিনটি ট্রেন চললে কনটেইনার জট থাকবে না। এছাড়া সিলেট, শ্রীমঙ্গল, ঢাকা ক্যান্টনমেন্ট ও রংপুরে প্রতিদিন উভয় দিকে ৮-১০টি ট্রেন চলাচলের প্রয়োজন। কিন্তু বর্তমানে ট্রেন সংখ্যা কমে দুই-তিনটিতে নেমেছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, সরকারি সংস্থার চাহিদা থাকা সত্ত্বেও পাথর, বোল্ডার, সার ও খাদ্যশস্য পরিবহন যথাযথভাবে করা সম্ভব হচ্ছে না। সর্বশেষ ১৬ জুলাই চট্টগ্রাম থেকে সান্তাহারে ৩০ ওয়াগনের গমবাহী ট্রেন চালানো হয়েছে। রেলপথে খাদ্যশস্য পরিবহনের খরচ টন প্রতি ১৬-১৭ হাজার টাকা, কিন্তু সড়কপথে দ্বিগুণ থেকে তিন গুণ। তবু ইঞ্জিন সরবরাহ না থাকায় রেলওয়ে চাহিদা থাকা সত্ত্বেও পরিবহন করতে পারছে না।
রেলের তথ্যমতে, পণ্য পরিবহন খাতে প্রতিদিন ২৩টি ইঞ্জিন প্রয়োজন। স্থিতিশীল রাখতে সর্বনিম্ন ১৩টি ইঞ্জিন দিয়ে কাজ চালানো সম্ভব। ১৮, ১৯ ও ২০ আগস্ট মাত্র তিনটি, দুটি এবং দুটি ইঞ্জিন সরবরাহ হয়েছে। দীর্ঘদিন ইঞ্জিন আমদানি না হওয়া ও পুরনো ইঞ্জিন বিকল হওয়ার কারণে সংকট তীব্র। যাত্রী ট্রেনের চাহিদা মেটাতে পণ্য ট্রেনে ইঞ্জিন কম দেওয়ায় শিল্প ও বাণিজ্যে বড় সমস্যা দেখা দিয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ সুবক্তগীন বলেন, ‘ইঞ্জিন সংকট দীর্ঘদিনের। পণ্য পরিবহন খাতে পর্যাপ্ত ইঞ্জিন সরবরাহের চেষ্টা চলছে। কিছু পুরনো ইঞ্জিন মেরামত ও নতুন ইঞ্জিন আমদানির পরিকল্পনা করা হয়েছে। এগুলো বাস্তবায়িত হলে রেলপথে পরিবহন বাড়বে।’
বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক বন্দরের জন্য রেলপথে পণ্য পরিবহন সেবা গুরুত্বপূর্ণ। রেলওয়ে ও বন্দর আলাদা প্রতিষ্ঠান হওয়ায় ব্যবসায়ীদের সুবিধা বাড়ানো সম্ভব হচ্ছে না। রেলের সঙ্গে সমঝোতা করে কনটেইনার জট দূর করলে দেশের বাণিজ্যের গতি বাড়বে। রেলের কর্মকর্তা জানান, চুক্তি বা যৌথ বিনিয়োগের মাধ্যমে পণ্য পরিবহনে আধুনিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

