এশিয়ার স্পট মার্কেটে চলতি সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)-এর দাম কমেছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, বাড়তি মজুদ, কম চাহিদা এবং ইউক্রেন শান্তি আলোচনায় অগ্রগতি না হওয়া এ পরিস্থিতির মূল কারণ। খবর মার্কেট স্কিনার।
শিল্প সূত্র জানায়, উত্তর-পূর্ব এশিয়ায় অক্টোবরে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় দাম ছিল ১১.৪০ ডলার। এটি আগের সপ্তাহের ১১.৬৫ ডলারের তুলনায় কম। ডাটা অ্যানালিটিকস ফার্ম কেপলারের এলএনজি ও গ্যাস অ্যানালিস্ট গো কাটায়ামা বলেন, ‘বিভিন্ন দেশে মজুদ এখনো বেশি। সরবরাহ ঊর্ধ্বমুখী থাকায় এশিয়ার স্পট মার্কেটে সামনের দিনগুলোয় দাম আরও কমতে পারে।’
জাপানে গ্রীষ্মের তাপ বেড়েছে। তবুও নভেম্বরে বিদ্যুৎ খাতে এলএনজির চাহিদা এখনও কম। চীন প্রাকৃতিক গ্যাস ও পাইপলাইন আমদানিতে বেশি নির্ভর করছে। দক্ষিণ কোরিয়াতেও পর্যাপ্ত মজুদ থাকায় দাম আরো কমেছে। কাটায়ামা বলেন, ‘এই পরিস্থিতিতে স্পট মার্কেটে প্রতি এমএমবিটিইউ দাম ১০ ডলারের নিচে নেমে গেলে চাহিদা বাড়তে পারে।’
আরগাসের হেড অব এলএনজি প্রাইসিং মার্টিন সিনিয়র বলেন, ইউক্রেন শান্তি আলোচনায় তাৎক্ষণিক অগ্রগতি না হওয়ায় দাম প্রভাবিত হচ্ছে। শান্তি আলোচনা সফল হলে বছরে প্রায় দেড় কোটি টন এলএনজি রফতানি বাড়ানো সম্ভব। ইউরোপে গত শুক্রবার প্রাকৃতিক গ্যাসের দাম তুলনামূলক স্থিতিশীল ছিল। নরওয়েতে বড় পরিসরে রক্ষণাবেক্ষণ চলছে। শীতকালীন মজুদ পূরণের জন্য আমদানিও বাড়িয়েছে বিভিন্ন দেশ।
এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস জানায়, অক্টোবর সরবরাহ চুক্তিতে নর্থওয়েস্ট ইউরোপ এলএনজি মার্কারের (এনডব্লিউএম) দাম প্রতি এমএমবিটিইউ ১০.৮৬ ডলার স্থির হয়েছে। এটি সেপ্টেম্বরের চুক্তির তুলনায় ৫৩ সেন্ট কম। আরগাস প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করেছে ১০.৮৭ ডলার। স্পার্ক কমোডিটিজের দাম ১০.৮১ ডলার।
স্পার্ক কমোডিটিজের বিশ্লেষক কাসিম আফগান জানান, চলতি সপ্তাহে পরিবহন খরচ কিছুটা বেড়েছে। আটলান্টিক মহাসাগরীয় পথে দৈনিক পরিবহন খরচ নির্ধারণ হয়েছে ৩৬,৫০০ ডলার। প্রশান্ত মহাসাগরীয় পথে এটি দৈনিক ৩৫,০০০ ডলার।

