এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের সময়সীমা ৩ থেকে ৫ বছর পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো। তারা বলছে, এই সময়ে বাণিজ্যিক চুক্তি নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন বাজারে শুল্ক ধাক্কা সামলানো জরুরি।
আজ রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘এলডিসি গ্র্যাজুয়েশন: চ্যালেঞ্জেস অ্যাহেড’ শীর্ষক যৌথ সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ব্যবসায় সংস্থা (আইসিসি) বাংলাদেশের সভাপতি মো. মাহবুবুর রহমান লিখিত বক্তব্যে এ দাবি জানান। তিনি বলেন, ‘আমাদের উদ্যোক্তা ও ব্যবসায়ী সংগঠনগুলো এলডিসি উত্তরণকে স্বাগত জানায়। তবে ৩ থেকে ৫ বছরের একটি অতিরিক্ত সময় পাওয়া জরুরি।’
মাহবুবুর রহমান সতর্ক করে বলেন, দ্রুত এলডিসি উত্তরণ বড় ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও অন্যান্য প্রধান রপ্তানি গন্তব্যে ১২ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ হতে পারে। এতে রপ্তানি ৬ থেকে ১৪ শতাংশ কমে যেতে পারে, যদি বাংলাদেশ ‘জিএসপি প্লাস’ সুবিধা বা মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিশ্চিত করতে না পারে। তিনি আরো বলেন, এলডিসি সুবিধা যেমন রপ্তানি ভর্তুকি ও ট্রিপসের শিথিল নিয়ম বন্ধ হয়ে যাবে। এতে ওষুধ খাতে কঠোর পেটেন্ট আইন কার্যকর হবে এবং উৎপাদন খরচ ও কমপ্লায়েন্স ব্যয় বাড়বে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দেশের মোট রপ্তানি আয়ের ৮১ শতাংশের বেশি দানকারী তৈরি পোশাক খাতও কঠিন প্রতিযোগিতার মুখে পড়বে। শুল্কমুক্ত সুবিধা বাতিল, উৎপাদন খরচ বৃদ্ধি এবং কঠোর কমপ্লায়েন্স আইন এই খাতকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। ঋণের ক্ষেত্রেও চাপ বাড়বে। সহজ শর্তে প্রাপ্ত কনসেশনাল ঋণের পরিবর্তে বাজারভিত্তিক ঋণ নিতে হবে, ফলে ঋণ পরিশোধের চাপ বেড়ে যাবে। এছাড়া বাংলাদেশ বিশ্বব্যাংকের আইডিএ সফট লোন সুবিধাও হারাবে।
সংবাদ সম্মেলনে এফবিসিসিআইসহ ১৫টি শীর্ষ ব্যবসায়ী সংগঠন ও চেম্বারের নেতারা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিল বিগমিয়া, বিকমিয়া, এমসিসিআই, ফিকি ও অন্যান্য সংগঠন।

