মার্কিন বাজারে বাংলাদেশী পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের আরোপিত ৩৭ শতাংশ শুল্ক ২০ শতাংশে নামাতে সক্ষম হয়েছে বাংলাদেশ। শুল্ক হ্রাস পেলেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ভবিষ্যতে বাণিজ্য বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপ ও আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্ত করতে হবে।
বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন) আয়োজিত ‘ট্রাম্প ট্যারিফ-পরবর্তী বিশ্ববাণিজ্য ও বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে গতকাল এই বিষয়গুলো আলোচিত হয়। বৈঠক সঞ্চালনা করেন ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারোয়ার। এতে অংশ নেন শিক্ষক, অর্থনীতিবিদ, কূটনীতিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল তিতুমীর বলেন, ‘দেশের অর্থনীতিতে সম্ভাবনা অনেক। কিন্তু প্রশ্ন হলো, কর্মসংস্থান কীভাবে বৃদ্ধি করা হবে। সামাজিক খাত ও গ্রামীণ উন্নয়নে ব্যয় বাড়াতে হলে শিল্প খাতের বিস্তৃতি জরুরি। বাণিজ্যিক পণ্যে বৈচিত্র্য আনতেও হবে। ট্রাম্প শুল্ক পরিস্থিতিতে কৌশলগত দ্বিপক্ষীয় সম্পর্ক গুরুত্বপূর্ণ। ভূরাজনৈতিক এ অবস্থায় বাংলাদেশ খুবই মূল্যবান। তাই যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য, ইউরোপ ও আফ্রিকায় অর্থনৈতিক বিস্তৃতি বাড়ানো জরুরি।’
অর্থনীতিবিদ জিয়া হাসান মনে করেন, সরকারের মধ্যে দ্বন্দ্ব থাকলে বৈদেশিক সরাসরি বিনিয়োগ (FDI) আসবে না। তিনি বলেন, ‘আগামী সরকারের উচিত বেসরকারি খাতকে সুবিধা দেওয়া। প্রধান কাজ হলো সামাজিক সম্প্রীতি তৈরি করা, যা বর্তমান সরকার সম্পূর্ণভাবে করতে পারেনি।’
ব্যবসায়ী ও রাজনীতিবিদ ইস্রাফিল খসরু বলেন, ‘তৈরি পোশাক শিল্প বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি খাত। কিন্তু যুক্তরাষ্ট্র এটিকে সস্তা বাজার মনে করে। এজন্য শিল্পের ব্র্যান্ড ভ্যালু বাড়ানো প্রয়োজন। কর্মসংস্থানের পাশাপাশি দক্ষ জনগোষ্ঠী ও সম্পদ সৃষ্টিও জরুরি। পোশাক শিল্প ছাড়াও কৃষি, ওষুধ, চামড়া, লাইট ইঞ্জিনিয়ারিং খাতেও বিশাল সম্ভাবনা রয়েছে। এখানে ভ্যালু সংযোজন জরুরি।’
যুক্তরাষ্ট্রের ক্যাডমাসের পরিচালক শামারুখ মহিউদ্দিন বলেন, ‘এলডিসি গ্র্যাজুয়েশনের পর বাণিজ্য সুবিধা কিছুটা হারাব। তা মোকাবেলায় নীতি আরও শক্তিশালী করতে হবে।’
অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের ফলেই শুল্ক ২০ শতাংশে নামানো সম্ভব হয়েছে বলে দাবি করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সমাজ ও আর্থিক খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভালোভাবে চেনেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ট্রেড বিষয়েও পারদর্শী। তৃতীয় সুবিধা, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাংলাদেশের সর্ববৃহৎ পাট রফতানিকারক, মার্কিন বাজার ও বৈশ্বিক বাজারের অভিজ্ঞ। তাই সরকারের অভিজ্ঞতার অভাব নিয়ে আলোচনা অপ্রয়োজনীয়। তারা প্রথম দিন থেকেই আত্মবিশ্বাসী ছিলেন একটি ভালো চুক্তি করতে।’

